স্টাফ রিপোর্টার।।
কক্সবাজার থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ ইয়াবা খুলনায় নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছেন খুলনা জেলা পুলিশের এক কনস্টেবল। তার নাম আশিকুল ইসলাম।
মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে আশিকুল ইসলামকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আশিকুল ইসলাম খুলনা জেলা পুলিশের একজন কর্মরত কনস্টেবল। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।











































