শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরে এক স্কুলছাত্রী অপহরণের ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অপহৃত ছাত্রী তাসনিন আক্তার তন্নি (১৪) ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত রবিবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুলিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের সাঈদ হোসেনের নেতৃত্বে ৩-৪ জনের একটি কিশোর গ্যাং দুটি মোটরসাইকেলে এসে তন্নিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযুক্ত সাঈদ হোসেন একই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তন্নিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বিষয়টি আগে থেকেই অভিযুক্তের পরিবারসহ স্থানীয়দের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে এই অপহরণের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
অপহৃত তন্নির নানা মাহবুব হোসেন জানান, “আমি বাজার থেকে ফেরার পথে স্কুল মাঠের কাছে দেখি সাঈদ হোসেনসহ কয়েকজন আমার নাতনিকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করেও তাদের থামাতে পারিনি।”
তন্নির মা বলেন, “আমার মেয়েকে নিয়ে গেছে দুই দিন হয়ে গেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই এবং অপরাধীদের শাস্তি দাবি করছি।”
ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, “তাসনিন কয়েকদিন ধরে স্কুলে আসছিল না। বিষয়টি আমাদের জানানো হয়নি।”
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন বলেন, “ভুক্তভোগীর মা থানায় এজাহার দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে পুলিশ কাজ করছে।”











































