সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওবেঁকী এলাকায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড এবং বাকি চারজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার (২ মে) সকালে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোলপেটুয়া নদীর নওবেঁকী পয়েন্টে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আশাশুনি ও পাইকগাছা উপজেলার পাঁচ বাসিন্দাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— নজরুল ইসলাম (৫৭), সজীব শেখ (২২), মো. ইব্রাহিম গাজী (২৫), মো. আক্তারুল গাজী (৩৩) ও আব্দুল্লাহ আল মামুন (২৪)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. আক্তারুল গাজীকে (৩৩) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপরাধ স্বীকার করায় বাকি চারজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হুসাইন জানান, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর নাব্যতা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।










































