বাগেরহাট প্রতিনিধি
টানা ১৭ বছর ধরে বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে| অন্যদিকে শিক্ষার্থীদের গবাদিপশুর আশ্রয়স্থলে (গোয়ালঘর) টিনের বেড়া দিয়ে পাঠদান করা হচ্ছে| ২০০৮ সালে নির্মিত বিদ্যালয়টির দেয়াল ও সিঁড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে, যা যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে| এ ছাড়া বিদ্যালয়ে পর্যাপ্ত আলো, ফ্যান ও শৌচাগারের অভাবে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে|
সরেজমিন লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, নিচতলায় টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তিনটি কক্ষ ˆতরি করে পাঠদান চালানো হচ্ছে| কক্ষগুলোতে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নেই, নেই ˆবদ্যুতিক ফ্যান| শিক্ষার্থীদের জন্য কোনো শৌচাগার বা ওয়াশরুমের ব্যবস্থাও নেই| পাশাপাশি বিদ্যালয়ের দেয়াল ও সিঁড়িতে বড় বড় ফাটল থাকায় ঝুঁকি বাড়ছে|
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে স্কুল ভবনের কয়েকটি কক্ষে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়| এরপর দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও তা সরানো হয়নি|
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরা রানী তাফালী বলেন, বর্তমানে স্কুলটিতে ১৩০ জন শিক্ষার্থী রয়েছে| কিন্তু পাঠদানের উপযুক্ত পরিবেশ না থাকায় শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে|
নীরা রানী তাফালী আরো বলেন, একই ভবনে পাঠদান, সালিস কার্যক্রম এবং পুলিশের কাছে সাধারণ মানুষের আসা-যাওয়ার কারণে বিদ্যালয়ে সব সময় এক ধরনের পুলিশি পরিবেশ বিরাজ করছে, যা শিশুদের জন্য মোটেও উপযোগী নয়| বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশ সুপার ও মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালেও কোনো সমাধান হয়নি বলে তিনি অভিযোগ করেন|
রমেশ চন্দ্র সাহা নামের এক অভিভাবক বলেন, আমাদের বাচ্চারা গরু রাখার জায়গায় বসে পড়াশোনা করছে, এটা খুবই লজ্জাজনক| সেখানে না আছে আলো, না আছে শৌচাগার| এভাবে পড়াশোনা করে শিশুরা কিভাবে ভালো ফল করবে—প্রশ্ন রাখেন তিনি|
কল্পনা রানী বিশ্বাস নামের আরেক অভিভাবক বলেন, স্কুলে সব সময় পুলিশের আনাগোনা থাকে| এতে ছোট ছোট বাচ্চারা ভয় পায়| আমরা চাই দ্রুত পুলিশ ফাঁড়ি অন্যত্র সরিয়ে নিয়ে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হোক|
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, একই ভবনে শিশুদের পাঠদান ও পুলিশি কার্যক্রম একসঙ্গে চলা উচিত নয়| বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ সুপারের সঙ্গে কথা বলা হয়েছে| আশা করা হচ্ছে, দ্রুত সমস্যার সমাধান হবে|
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান বলেন, জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালু রয়েছে| ইতিমধ্যে ফাঁড়িটির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে এবং দ্রুত নতুন ভবন নির্মাণকাজ শুরু করার আশা করা হচ্ছে|
মহিদুর রহমান আরো বলেন, নতুন ভবন নির্মাণ শেষে ফাঁড়ি স্থানান্তর একটি সময়সাপেক্ষ বিষয়| এ কারণে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপাতত ফাঁড়িটি অন্য কোনো স্থানে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে| তথ্য সূত্র: কালের কণ্ঠ










































