স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার রাজবাধ এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশ খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠ সহযোগী পবিত্র কুমার সরকারকে (৪৬) বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে |
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা উপজেলার মৃত তারাপদ সরকারের পুত্র পবিত্র কুমার সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়| তার বিরুদ্ধে খুলনায় বিএনপির সমাবেশে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুর, নগরীর রয়্যাল মোড়ে একটি দোকান ভাঙচুর ও লুটপাটসহ একাধিক অভিযোগ রয়েছে| তিনি জুলাই গনঅভ্যুত্থানে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতাকারী, মাদক চোরাচালান ও সাম্প্রদায়িক উস্কানিসহ একাধিক মামলা ও অভিযোগে অভিযুক্ত|
পুলিশ আরো জানায়, পবিত্র কুমার সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে খুলনায় সংঘটিত করার জন্য অর্থ যোগানদাতা হিসাবে পরিচিত|
এদিকে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানের জমি ক্রয়ে দুনীর্তির মাধ্যমে অর্থ লোপাটসহ নানা অভিযোগ রয়েছে পবিত্র কুমার সরকারের বিরুদ্ধে| ইতিপূর্বে এ সকল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য থেকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে| পরবর্তীতে ট্রাস্টি বোর্ডের সদস্য পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়|
পুলিশ জানায়, তাকে বিস্ফোরক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে| তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে| পরবর্তীতে এ সকল মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|











































