মিলি রহমান।।
পয়লা বৈশাখে খাবার টেবিলে বাঙালিয়ানা আনতে পরিবেশন করতে পারেন পান্তা-ইলিশ ও টক পাতুরি।
ভাত : ভাত রাতে রান্না করে পানিতে ভিজিয়ে রাখুন সারারাত।
আলু ভর্তা : সিদ্ধ আলু ৩টি, পেঁয়াজকুচি ২টি, শুকনো মরিচ ৬-৭টি, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ।
প্রণালি : শুকনো মরিচ ভাজা, লবণ একসঙ্গে চটকে নিন। পরে পেঁয়াজ, ধনেপাতা কুচি দিয়ে আবার চটকে তা সিদ্ধ আলু মিলিয়ে সরিষার তেল দিন। রেডি আলুভর্তা।
করলা ভাজি : করলা ২৫০ গ্রাম, পেয়াজ কুচি ২ কাপ, কাঁচামরিচ ৫-৬টি। লবণ স্বাদমতো, হলুদগুঁড়া সামান্য, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, চিংড়ি মাছ ৫-৬টি, শুকনো মরিচ ২টি।
প্রণালি : কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে শুকনো মরিচ ছিঁড়ে ফোড়ন দিন। পরে চিংড়ি মাছ, লবণ, হলুদগুঁড়া দিয়ে ১ মিনিট ভাজুন। এবার করলা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢাকনা ছাড়া ৬-৭ মিনিট রান্না করে নামিয়ে নিন। রেডি করলা ভাজি।
শুঁটকি ভর্তা : দুটি শুঁটকি (৫০ গ্রাম), পেঁয়াজ ৪টি, রসুন ২টি, শুকনো মরিচ ১০-১২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি : শুঁটকি কড়াইয়ে তেল ছাড়া ভেজে ধুয়ে নিন। এপর পাটায় মরিচ, লবণ, রসুন, শুঁটকি বেটে নিন। শেষে পেঁয়াজ, ধনেপাতা হালকা করে বেটে নিন। রেডি।
ইলিশ ভাজা : মাছ হলুদ, লবণ, লেবুর রস মাখিয়ে ফ্রাইপ্যানে সোনালি করে ভেজে নিন। এবার পিতলের থালায় ভাত, মাছ, করলা ভাজি, আলুভর্তা, শুঁটকি ভর্তা, লবণ, বোম্বাই মরিচ, পেঁয়াজ, লেবু দিয়ে পরিবেশন করুন। রেডি ইলিশ পান্তা প্লেটার।
রাঙা আলুর টক
উপকরণ : মিষ্টি আলু ৭৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা আধা চা-চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও ধনিয়াগুঁড়া আধা চা-চামচ করে, আম ১টি, কাঁচামরিচ ৬/৭টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো।
প্রণালি : আলু খোসা ফেলে পাতলা করে কেটে ধুয়ে নিন। হাঁড়িতে পানি ফুটে উঠলে আলু দিয়ে আবারও ফুটে উঠলে আদা ও রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও ধনিয়াগুঁড়া, লবণ আর পেঁয়াজকুচি দিয়ে রান্না করুন আলু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। পরে ডাল ঘুঁটনি দিয়ে ঘুঁটে কাঁচা আম, কাঁচামরিচ দিন। পরে অন্য কড়াইয়ে সয়াবিন তেল গরম করে রসুনকুচির ফোড়ন দিয়ে বাদামি করে ভেজে, রান্না করা আলুর টকের মধ্যে দিন। সবশেষে ধনেপাতাকুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মিষ্টি আলু বা রাঙা আলুর টক।
টক-ঝাল-মিষ্টি পাতুড়ি
উপকরণ : বেগুন ৩০০ গ্রাম, মিষ্টি আলু দুটি, কাঁচা আম একটি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া ১ চা-চামচ করে, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।
প্রণালি : বেগুন লম্বা করে কেটে কেচে নিন। মিষ্টি আলু, আম খোসা ফেলে লম্বা করে কেটে ধুয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি অল্প ভেজে আদ-রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া, লবণ অল্প পানি দিয়ে কষিয়ে নিন। পরে মিষ্টি আলু দিয়ে দুই-তিন মিনিট রান্না করুন। এবার বেগুন দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে কাঁচা আম, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, সরিষার তেল ২-৩ মিনিট রান্না করে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল টক-ঝাল-মিষ্টি পাতুড়ি।











































