Home Lead যশোরে অস্ত্রসহ ৩ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

যশোরে অস্ত্রসহ ৩ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

15


অভয়নগর (যশোর) প্রতিনিধি।।


যশোরের অভয়নগরে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করে স্থানীয়রা। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।


আটক ৩ যুবক হলেন উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) ও শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্যার ছেলে রবিউল মোল্যা (২৩)।

স্থানীয়রা জানান, গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণপাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলের দুজন আরোহীর তল্লাশি করতে গেলে তাদের একজন পিস্তল দেখিয়ে পালানোর চেষ্টা করে।

পরে ইছামতি গ্রামের আব্দুল আলীর ছেলে রবিউল মোটরসাইকেল আরোহী ২ জনের পক্ষ নিলে ৩ জনকেই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শুভরাড়া ইউনিয়ন থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটক ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’