স্টাফ রিপোর্টার
নগরীর ডাক বাংলা মোড়ে বাটা শো রুমের ভিতর ফিল্মি স্টাইলে কুপিয়ে ও গুলি করে সাবেক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ হত্যাকান্ডের দুই দিন পর শুক্রবার থানায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। শুক্রবার বিকালে নিহতের স্ত্রী ফাতেমা তুজ জোহরা এই হত্যা মামলা দায়ের করেন। মামলায় আট জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো আট জনকে আসামী করা হয়েছে। খুলনা সদর থানায় মামলা নং -০৫; তারিখ-০৬.০৩.২৬ইং।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, এজাহার নামীয় আট আসামীর মধ্যে রয়েছে ঘটনাস্থল থেকে পুলিশ ও জনতার হাতে আটক অশোক ঘোষ ও সোনাডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার জাবেদ শেখ বর্তমানে কারাগারে রয়েছে। অন্য আসামীদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না।
উল্লেখ্য, গত ৪ মার্চ রাত ৯টায় নগরীর ডাক বাংলা মোড়ে বাটা শো রুমের ভিতরে কুপিয়ে ও গুলি করে রূপসা বাগেরহাট আন্তঃ জেলা বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক মাসুম বিল্লাহকে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ অশোক ঘোষকে আটক করে পুলিশ ও স্থানীয় জনতা। ওইদিন রাতেই সোনাডঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা আর এক আসামী জাবেদ শেখ কে। বুধবার অশোক ঘোষকে অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে পুলিশ। আর জাবেদ শেখ কে ৬৮ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
পুলিশ ও নিহতের পরিবারের দাবি আধিপত্য ও পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে।










































