Home খেলাধুলা নিলামে উঠছে স্যার ডন ব্র্যাডম্যানের ‘বিরল’ ব্যাগি গ্রিন

নিলামে উঠছে স্যার ডন ব্র্যাডম্যানের ‘বিরল’ ব্যাগি গ্রিন

8


স্পোর্টস ডেস্ক।।
স্যার ডন ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি বিরল ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে উঠছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ব্র্যাডম্যান এ ক্যাপটি ভারতের সাবেক ক্রিকেটার এস ডব্লিউ সোহোনিকে উপহার দিয়েছিলেন। দীর্ঘ ৭৫ বছর ধরে এটি লোকচক্ষুর আড়ালে রাখেন সোহোনি পরিবার। অবশেষে এটি প্রকাশ্যে আসছে। অস্ট্রেলিয়ার প্রখ্যাত প্রতিষ্ঠান লয়েডস অকশন নিলামে তুলছে ক্যাপটি। নিলাম চলবে আগামী ২৬শে জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে’ পর্যন্ত।

অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ ‘ব্যাগি গ্রিন’ অস্ট্রেলিয়ানদের কাছে সম্মান ও মর্যাদার প্রতীক। এর আগে দেশটির সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ব্র্যাডম্যানের আরও দু’টি ব্যাগি গ্রিন বিক্রি হয়। তবে এবারের ক্যাপটির বিশেষত্ব একদমই আলাদা। এ ক্যাপটির কথা এতদিন কেউ জানতোই না! ক্যাপটি ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজের সময় ব্যবহৃত হয়। বিশ্লেষকদের ভাষ্য, ব্র্যাডম্যানের সঙ্গে এতটা সম্পৃক্ত স্মারক এত দীর্ঘ সময় ধরে সামনে আসেনি, বিশেষ করে একই মালিকানায় যেভাবে নিরবিচ্ছিনভাবে রাখা হয়েছে, তা খুবই বিরল।


ব্র্যাডম্যানের ক্যাপটির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে লয়েডস অকশনসের প্রধান পরিচালক লি হ্যামেস বলেন, ‘এটি ক্রিকেট ইতিহাসের প্রকৃত একটি অংশ, যা স্যার ডন ব্র্যাডম্যান ব্যক্তিগতভাবে উপহার দিয়েছিলেন। ৭৫ বছর ধরে একটি পরিবারের নিরবচ্ছিন্ন মালিকানা এবং ডনের সঙ্গে সরাসরি সংযোগ থাকায় এখন পর্যন্ত নিলামে ওঠা ব্র্যাডম্যান সম্পর্কিত সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ স্মারক এটি।’

অস্ট্রেলিয়া তথা ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ব্র্যাডম্যান ১৯২৮ থেকে ১৯৪৮-এর মধ্যে স্রেফ ৫২ টেস্ট ম্যাচে ২৯ সেঞ্চুরি করেন। টেস্ট থেকে অবসরের সময় তার ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪! এর আগে গত বছর ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন বিক্রি হয় ৪ লাখ ৭৯ হাজার ৭০০ ডলারে। ২০২০-এ তার আরেকটি ব্যাগি গ্রিন বিক্রি হয় সাড়ে ৪ লাখ ডলারে।