স্পোর্টস ডেস্ক।।
চোটের কারণে প্রায় দুই মাস পর সোমবার মাঠে নামেন আশরাফ হাকিমি। আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের ফেরার রাতে জাম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় মরক্কো। ৩-০ গোলের জয়ে আফ্রিকা কাপ অব ন্যাশনসের (অ্যাফকন) শেষ ষোলো নিশ্চিত করে স্বাগতিকরা। একই রাতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২ গোলের জয়ে শেষ ষোলোর টিকিট কাটে দক্ষিণ আফ্রিকাও। অন্যদিকে, কোমোরাসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে নকআউট পর্বে পৌঁছায় মালি। গ্রুপ পর্বে জয়ের মুখ না দেখা দল মালিরও নিশ্চিত হয় শেষ ষোলো।
চ্যাম্পিয়নস লীগের ম্যাচে গত নভেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লুইস দিয়াজের মারাত্মক ট্যাকেলে চোটে পড়েন হাকিমি। সেদিন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ডিফেন্ডার। এরপর এদিনই প্রথম খেলতে নামেন হাকিমি। ম্যাচের ৬৪তম মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। জাম্বিয়ার বিপক্ষে নবম মিনিটেই মরক্কোকে এগিয়ে নেন আইয়োব এল কাবি। ২৭তম মিনিটে ব্যবধান বাড়ান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো। মাঠে ফিরে ৫২তম মিনিটে দারুণ এক ওভারহেড কিক গোলে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি করেন এল কাবি। আগের ম্যাচে মালির বিপক্ষে ড্র করে ভক্তদের দুয়ো শোনা মরক্কো টিকিট পায় শেষ ষোলোর।
ম্যাচশেষে মরক্কো কোচ ওয়ালিদ রেগেরুই বলেন, ‘দলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ৩–০ ব্যবধানে জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা যে কৌশলগত পরিবর্তনগুলো করেছি, তা খেলোয়াড়দের মধ্যে ভারসাম্য উন্নত করতে সাহায্য করেছে। আজ যে দলগত ঐক্য ও মনোভাব আমরা দেখিয়েছি, সেই একই চেতনায় আমাদের কাজ করে যেতে হবে। আমি আশা করি, সমর্থকরা আমাদের এভাবেই সমর্থন জানিয়ে যাবে।’
গ্রুপ ‘এ’ থেকে মরক্কোর সঙ্গে শেষ ষোলোর সঙ্গী মালি। নিজেদের প্রথম দুই ম্যাচ ড্র করা মালি গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে কোমোরসের সঙ্গে। ম্যাচের ৮৮তম মিনিটে দলের আমাদু হায়দারা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মালি। শেষ পর্যন্ত ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ মালি। সমানসংখ্যক ম্যাচে ৭ পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো।
গ্রুপ ‘বি’ থেকে আগেই শেষ ষোলোর টিকিট পাওয়া মিশর এদিন গোলশূন্য ড্র করে অ্যাঙ্গোলার সঙ্গে। দলের দুই তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ এবং ওমর মারমুশকে বেঞ্চে রেখে শুরু করে তারা। অবশ্য গ্রুপের অন্য ম্যাচে লড়াই হয় হাড্ডাহাড্ডি। জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২ গোলের জয়ে মিশরের পথ ধরে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সপ্তম মিনিটে ‘বাফানা বাফানা’দের এগিয়ে নেন তশেপাং মেরেমি। ১৯তম মিনিটে সেটি শোধ দেন জিম্বাবুয়ের তাওয়ান্দা মাসওয়ানহিসে। বিরতির পর মাঠে ফিরে ৫০তম মিনিটে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নেন লাইলে ফস্টার। ৭৩তম মিনিটে আত্মঘাতী গোলের কল্যাণে ফের ম্যাচে ফেরে জিম্বাবুইয়ানরা। তবে শেষ রক্ষা হয়নি। নয় মিনিটের মাথায় পেনাল্টি থেকে দক্ষিণ আফ্রিকার জয়সূচক গোলটি করেন অসউইন অ্যাপোলিস।
৩ ম্যাচে ৬ পয়েন্টে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে ৭ পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন সালাহর মিশর।











































