Home খেলাধুলা দেখে নিন ২০২৫ সালের শীর্ষ ১০ গোলদাতা কারা

দেখে নিন ২০২৫ সালের শীর্ষ ১০ গোলদাতা কারা

11
2025

স্পোর্টস ডেস্ক।।

২০২৫ পঞ্জিকাবর্ষে ফুটবল বিশ্বে অনেক ঘটন-অঘটন ঘটলেও গোলবক্সে কিলিয়ান এমবাপ্পের দাপট ছিল অবিসংবাদিত। রিয়াল মাদ্রিদের হয়ে দলীয় পারফরম্যান্স চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও ব্যক্তিগত নৈপুণ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন এই ফরাসি ফরোয়ার্ড। বছর শেষে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার পাশাপাশি তিনি স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর এক যুগের পুরনো এক কীর্তি।


২০১৩ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে ৫৯টি গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ ১২ বছর পর মাদ্রিদের খেলোয়াড় হিসেবে সেই মাইলফলক ছুঁলেন এমবাপ্পে। ২০২৫ সালে রিয়ালের হয়ে তিনি করেছেন সমান ৫৯ গোল। এর মধ্যে ৩০টি এসেছে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে এবং বাকি ২৯টি চলমান ২০২৫-২৬ মৌসুমে। রিয়ালে নিজের প্রথম পূর্ণাঙ্গ পঞ্জিকাবর্ষে ৫৮ ম্যাচ খেলে ১১টি ম্যাচে জোড়া গোল এবং ৪টি হ্যাটট্রিক করেছেন তিনি।

জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ২০২৫ সালে এমবাপ্পে মোট ৬৭ ম্যাচে করেছেন ৬৬ গোল। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, ৬৫ ম্যাচে তার গোল সংখ্যা ৬০। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ৫৫ ম্যাচে করেছেন ৫৭ গোল। তবে ম্যাচপ্রতি গোলের গড়ে হলান্ড শীর্ষ তিনজনের মধ্যে সবার উপরে।

তবে তালিকার চতুর্থ স্থানে থাকা নামটি ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। পুয়ের্তো রিকোর সেন্টার ফরোয়ার্ড কেভিন হার্নান্দেজ মাত্র ৩৭ ম্যাচে করেছেন ৪৮ গোল। ১.৩ গড়ে গোল করে তিনি ম্যাচপ্রতি গোল করার হারে এমবাপ্পে-হলান্ডদের চেয়েও ঢের এগিয়ে আছেন। বর্তমানে তিনি পুয়ের্তো রিকো সার্ফের হয়ে খেলছেন।

ইউরোপের মূল মঞ্চ থেকে দূরে থাকলেও লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এখনো গোলের মধ্যেই আছেন। ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ৫৪ ম্যাচে করেছেন ৪৬ গোল, যা তাকে তালিকার পঞ্চম স্থানে রেখেছে। অন্যদিকে, ৪৪ ম্যাচে ৪০ গোল নিয়ে তালিকার ১০ নম্বর স্থানটি ধরে রেখেছেন আল নাসরের রোনালদো।

একনজরে ২০২৫ সালের শীর্ষ ১০ গোলদাতা (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে):

নাম দেশ ক্লাব ম্যাচ গোল ম্যাচপ্রতি গোল
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স রিয়াল মাদ্রিদ ৬৭ ৬৬ ০.৯৯
হ্যারি কেইন ইংল্যান্ড বায়ার্ন মিউনিখ ৬৫ ৬০ ০.৯২
আর্লিং হলান্ড নরওয়ে ম্যানচেস্টার সিটি ৫৫ ৫৭ ১.০
কেভিন হার্নান্দেজ পুয়ের্তো রিকো রিকো সার্ফ ৩৭ ৪৮ ১.৩
লিওনেল মেসি আর্জেন্টিনা ইন্টার মায়ামি ৫৪ ৪৬ ০.৮৫
ভিক্টর ওসিমেন নাইজেরিয়া গালাতাসারাই ৪৮ ৪৫ ০.৯৪
পাভলিডিস গ্রিস বেনফিকা ৭০ ৪৪ ০.৬৩
বিসোলি ব্রাজিল বুরিরাম ইউনাইটেড ৫৮ ৪২ ০.৭২
হোর্হে রিভেরা পুয়ের্তো রিকো মেট্রোপলিটান এফএ ৩৫ ৪০ ১.১৪
ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল আল নাসর ৪৪ ৪০ ০.৯