স্পোর্টস ডেস্ক।।
দেশের ঘরোয়া ক্রিকেটের ভিত্তি আরও মজবুত করতে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে থাকা ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে নতুন একটি টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে ‘সোনার বাংলা পাথওয়ে টি–টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬’। সোমবার (২৯ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন লিগের ঘোষণা দেয় বোর্ড।
এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য সেই সব ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে আনা, যারা বর্তমানে বিপিএল বা প্রধান ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর বাইরে রয়েছেন। বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ এই টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাতীয় নির্বাচক প্যানেলের তত্ত্বাবধানে এই লিগের খেলোয়াড় বাছাই করা হবে। মূলত দুটি ক্যাটাগরির ক্রিকেটাররা এখানে সুযোগ পাবেন। যারা বিপিএল ২০২৫-২৬ আসরের নিলাম তালিকায় থেকেও দল পাননি এমন ক্রিকেটার এবং ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেয়া ৮টি দলের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়বৃন্দ।
টুর্নামেন্টে মোট ৬ থেকে ৮টি দল অংশ নেয়ার কথা রয়েছে। প্রতিযোগিতার মান ও স্বচ্ছতা বজায় রাখতে দলগুলোর টিম ম্যানেজমেন্ট নিয়োগ এবং খেলোয়াড়দের পারিশ্রমিকসহ যাবতীয় আর্থিক বিষয় সরাসরি বিসিবি পরিচালনা করবে। নতুন বছরের শুরুতেই অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে। টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজনের জন্য উত্তরবঙ্গের দুটি ভেন্যু বগুড়া ও রাজশাহীকে নির্বাচন করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, দল গঠন, বিস্তারিত ম্যাচ সূচি এবং অন্যান্য পরিচালনাগত তথ্য খুব শীঘ্রই সংবাদ মাধ্যমের মাধ্যমে জানানো হবে।











































