Home খেলাধুলা সালতামামি-২০২৫: বিদ্রোহ আর এশিয়াডে জায়গা পাওয়ার বছর

সালতামামি-২০২৫: বিদ্রোহ আর এশিয়াডে জায়গা পাওয়ার বছর

16


ক্রীড়া প্রতিবেদক।।
হামজা চৌধুরী-শমিত সোমদের আগমনে দেশের ফুটবলে প্রাণ ফিরেছে। তাদের হাত ধরে ২৩ বছর পর ফুটবলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। তবে জামাল ভূঁইয়া-তপু বর্মণরা এশিয়ান কাপে খেলার যোগত্যা অর্জন করতে পারেননি। যেটা পেরেছেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা।

প্রথমবার এশিয়াডে ঋতুপর্ণারা: বাংলাদেশের ফুটবলের জন্য স্মরণীয় একটা বছর এনে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। গত জুনে নারী এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ ‘সি’র সেরা হয়ে প্রথমবারের মতো এশিয়াডের মূল পর্বে খেলার ইতিহাস গড়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে হারানোর পর বাংলাদেশের সামনে বড় বাধা ছিল স্বাগতিক মিয়ানমার। ঋতুপর্ণা চাকমার পায়ের জাদুতে মিয়ানমারকে হারিয়ে নিশ্চিত করে এশিয়ান কাপ; যা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায়।

এরপর তুর্কমেনিস্তানকে হারিয়ে বাছাইয়ে টানা তিন ম্যাচ জিতে পিটার বাটলারের দল। ২০২৫ সালে মেয়েরা জিতেছে এই তিনটি ম্যাচই। ১১ ম্যাচ খেলে হেরেছে ৬টিতে এবং ড্র করেছে দুটিতে। জাতীয় দলের মতো অনূর্ধ্ব-২০ বয়সী ফুটবলাররাও বয়সভিত্তিক এশিয়ান কাপে খেলার টিকিট কাটে। এএফসির মতো সাফেও সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী দল। জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দলটি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন মোসাম্মৎ সাগরিকা।

নারী ফুটবলে বিদ্রোহ: কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ চলার সময়। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের মধ্যে কোচ বাটলারের একাদশ সাজানো নিয়ে নারী ফুটবলে সেই সময় চলা অসন্তোষটি বিস্ফোরণ হয় ২০২৫ সালের জানুয়ারিতে। অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা, মাতসুশিমা সুমাইয়াসহ ১৮ নারী ফুটবলার ৩০ জানুয়ারি আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেন।

সেই সময় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর লেখা চিঠিতে অভিযোগকারী ফুটবলাররা লিখেছিলেন, কোচ বাটলার তাদের সঙ্গে মাঠ ও মাঠের বাইরে দুর্ব্যবহার করেছেন, হাসি-ঠাট্টা করেছেন। সিনিয়র ও জুনিয়রের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। নারী ফুটবলারদের পোশাক নিয়ে কথা বলতে ছাড়েননি। বডি শেমিং করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে বাজে মন্তব্য করেছেন। যদিও তাদের অভিযোগ পরে আর টেকেনি। কোচ হিসেবে রয়ে যান বাটলার। সাবিনা, মাসুরা, সুমাইয়া, কৃষ্ণা, সানজিদা, নীলুফার ইয়াসমীনদের বাদ দিয়ে বাকিদের নিয়ে দল গঠন করেন ব্রিটিশ এ কোচ।

আলোচনায় পিটার বাটলার: বছরের শুরুটা হয়েছিল নারী ফুটবলারের বিদ্রোহে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে না খেলার হুমকি দেওয়া সাবিনা-মাসুরারা এখন দলের বাইরে। কারও কথায় কান না দিয়ে বাটলার নিজের মতো করে দল সাজান। তাঁর হাত ধরে জুনে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার নিশ্চিত করেছে এশিয়ান কাপের মূল পর্ব। কড়া হেডমাস্টার বলে বাটলারকে পুরুষ দলের কোচ করার দাবিও তুলেছিলেন ফুটবলপ্রেমীরা। বছরজুড়েই আলোচনায় ছিলেন বাটলার।

মোহামেডানের প্রথম লিগ শিরোপা: পেশাদার যুগে প্রবেশ করার পর অতীতে কখনোই বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুধু তাই নয়, ঐতিহ্যবাহী এই ক্লাবটি এর আগে সর্বশেষ লিগ ট্রফি জিতেছিল ২০০২ সালে। বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনীর মতো তারকাসমৃদ্ধ দলকে পেছনে ফেলে সেই মোহামেডান দীর্ঘ ২৩ বছর পর জিতেছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ট্রফি।