স্পোর্টস ডেস্ক
রাফায়েল লেয়াওয়ের দ্বিতীয়ার্ধের শুরুর দিকের গোল এসি মিলানকে এনে দিল কঠিন লড়াইয়ের ১-০ গোলে জয়। শনিবারের এ জয়ে তারা সাময়িকভাবে সিরি আ’র শীর্ষে উঠে গেছে।
জয়ে মিলানের পয়েন্ট দাঁড়াল ২৮-দ্বিতীয় স্থানে থাকা রোমার চেয়ে এক পয়েন্ট বেশি। রোমা রোববার বর্তমান চ্যাম্পিয়ন নাপোলিকে আতিথ্য দেবে, যাদের পয়েন্ট ২৫। ১৮ পয়েন্ট নিয়ে লাজিও আছে অষ্টম স্থানে।
ম্যাচের শুরুতেই দুর্দান্ত রিফ্লেক্স দেখান মিলান গোলরক্ষক মাইক মাইগন। মাত্র দুই মিনিটে মারিও গিলার কাছ থেকে নেওয়া হেড তিনি অবিশ্বাস্যভাবে ফিঙ্গারটিপে ঠেকিয়ে ফেরান।
শুরুটা উত্তেজনাপূর্ণ হলেও প্রথমার্ধে তেমন গোলের সুযোগ তৈরি হয়নি। লাজিওর আক্রমণগুলো মাইগন একের পর এক ঠেকান, আর মিলানও কয়েকটি অর্ধ-সুযোগ ছাড়া খুব একটা হুমকি তৈরি করতে পারেনি। বিরতিতে তাই স্কোর ছিল ০-০।
তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই বদলে যায় মিলান। ছয় মিনিটের মাথায় দারুণ এক আক্রমণে ফিকাইও তোমোরি ডান দিক দিয়ে নিচু ক্রস বাড়ান, যা স্লাইড করে জালে পাঠান লেয়াও—এরই ফলে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপরও লাজিওর ওপর চাপ ধরে রাখে মিলান। মুহূর্ত খানেক পরই লেয়াওয়ের হেড ঠেকিয়ে বড় বিপদ থেকে দলকে রক্ষা করেন লাজিও গোলরক্ষক ইভান প্রোভেদেল।
শেষ দিকে ম্যাচ কিছুটা সমান হলেও কোনো দলই স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। যোগ করা সময়ের শেষ সেকেন্ডে আসে নাটকীয়তা-একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে স্ত্রাহিনিয়া পাভলোভিচ হাত লাগিয়েছেন দাবি করে পেনাল্টির আবেদন জানায় লাজিও।
রেফারি বিষয়টি ভিএআর মনিটরে পর্যালোচনা করার সময় আপত্তি জানিয়ে মাঠ থেকে বহিষ্কার হন মিলান কোচ ম্যাক্স আলেগ্রি। কিছুক্ষণ পরেই প্রতিবাদ করতে গিয়ে লাজিওর সহকারী কোচ মার্কো ইয়ানি লাল কার্ড দেখেন।
অবশেষে রেফারি জুসেপ্পে কোল্লু সিদ্ধান্ত দেন-পাভলোভিচ আগে ফাউলের শিকার হয়েছেন, তাই পেনাল্টি নয়। প্রায় ১৪ মিনিট অতিরিক্ত সময় শেষে মিলানের জয় নিশ্চিত হয়।
কঠিন লড়াই শেষে শীর্ষে ফিরল রসোনেরি।











































