ক্রীড়া প্রতিবেদক
আর মাত্র ৪৮ ঘন্টা পর বিসিবি ‘প্রেসিডেন্স’ কাপ তিন দলের ওয়ানডে আসর। ১১ অক্টোবর দুপুরে মাহমুদউল্লাহ রিয়াদ আর নাজমুল হোসেন শান্ত একাদশের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। অংশ নেবেন জাতীয় দল, এইচপি ও যুব বিশ্বকাপ বিজয়ী ৪৫ ক্রিকেটার।
এদিকে ঐ তিন দলের ৫১ (প্রতি দলে ১৫ জন করে সদস্য ও তিনজন স্ট্যান্ডবাইসহ) ক্রিকেটারের তিনদিনের ছুটি প্রায় শেষ। তারা সবাই ১০ অক্টোবর হোটেল সোনারগাঁয় উঠবেন। তবে করোনার সময়ে তো আর এমনি এমনি হোটেলে চেক-ইন সম্ভব নয়, হোটেলে ওঠা আর মাঠে নামার পূর্ব এবং প্রধান শর্তই হলো কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হওয়া।
গতকাল শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ আর নাজমুল হোসেন শান্ত বাহিনীর সব ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ, টিম বয়, বাসের ড্রাইভার, হোটেল স্টাফ, মাঠকর্মীসহ যারা ক্রিকেটারদের সংস্পর্শে যাবেন-তাদের সবার করোনা টেস্ট করা হয়েছে।
ডা. দেবাশীষ আরও জানান, এই করোনা টেস্টে উত্তীর্ণরাই কেবল আজ শনিবার হোটেলে উঠতে পারবেন এবং তারপর পরশু ১১ অক্টোবর থেকে তিন দলের ওয়ানডে সিরিজ ‘বিসিবি প্রেসিডেন্স কাপে’ ব্যাট ও বল হাতে মাঠে নামতে পারবেন। তিনি বলেন, ‘আমরা শুক্রবার সবার করোনা টেস্ট করিয়েছি। আগের নিয়মে যারা নেগেটিভ হবে, তারাই কেবল হোটেলে উঠতে পারবে। পজিটিভরা ছিটকে পড়বে।’ যেহেতু করোনার এই সময়ে কারও পজিটিভ হওয়ারও ঝুঁকি রয়েছে। সেই দিকটি মাথায় রেখেই প্রতি দলে তিনজন করে স্ট্যান্ডবাই ক্রিকেটার দেয়া হয়েছে। প্রতি দলের ১৫ জনের মধ্য থেকে কেউ কোভিড-১৯ পজিটিভ হলে তার বদলে স্ট্যান্ডবাই থেকে ক্রিকেটার নেয়া হবে।
এদিকে সব কিছু ঠিক থাকলে রাত ১১টার ভেতরে রিপোর্ট হাতে পেয়ে যাবেন বিসিবি প্রধান চিকিৎসক। তার দেয়া তথ্য অনুযায়ী, সে রিপোর্ট রাতের ভেতরই চলে যাবে ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে। তারা সব দেখে ব্যবস্থা নেবেন।
মেসির গোলে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা
ক্রীড়া প্রতিবেদক
২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশগ্রহণের লড়াইটা দুর্দান্তভাবে শুরু করল আর্জেন্টিনা ফুটবল দল। সমীহ জাগানিয়া দল ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা করল লিওনেল মেসির দল।
দলের জয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক মেসিই। ম্যাচের ১৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ৭১তম গোল। আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েন্স আয়ার্সের স্টেডিয়াম লা বোম্বোনেরায় ইকুয়েডরকে স্বাগত জানিয়েছিল আর্জেন্টিনা। দর্শকশূন্য স্টেডিয়ামে দুই দলের খেলায় সৌন্দর্য্যের চেয়ে যেনো ফাউলের ছড়াছড়িই ছিল বেশি। যা নষ্ট করেছে খেলার স্বাভাবিক ছন্দ। পুরো ম্যাচে অন্তত ৩৫ বার বেজেছে রেফারির ফাউলের বাঁশি। শরীরী ফুটবলের জন্য বরাবরই নামডাক রয়েছে ইকুয়েডরের। এবার তাদের সঙ্গে সমান পাল্লা দেয়ার চেষ্টা করেছে আর্জেন্টিনাও। যার পরিণত ফাউলের ছড়াছড়ি। ম্যাচের ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও খুব বেশি জোরালো আক্রমণ করতে পারেননি মেসি, দিবালারা। নির্ধারিত সময়ে আটবার আক্রমণে উঠলেও লক্ষ্যপানে মাত্র ২টি শট নিতে পেরেছে আর্জেন্টিনা। অন্যদিকে ইকুয়েডর একটি শটও করতে পারেনি লক্ষ্য বরাবর। ম্যাচের সপ্তম মিনিটের মাথায় কর্নার থেকে আশা জাগিয়েছিলেন মেসি, তবে ফাউলের কারণে সেখান থেকে ভালো কিছু পায়নি আর্জেন্টিনা। এক মিনিট পর আক্রমণে ওঠার আভাস দিয়েছিল ইকুয়েডর, কিন্তু পূর্ণতা পায়নি সেটি। উল্টো ১১ মিনিটের সময় নিজেদের ডি-বক্সের মধ্যে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোসকে ফাউল করে বসেন ইকুয়েডরের ডিফেন্ডার পার্ভিস এস্তুপিনান। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যা হয়ে থাকে ম্যাচের ফল নির্ধারক। গোলের সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। মাত্র ১২ গজ দূরের পেনাল্টি স্পট থেকে ডানদিকে জোরালো শট নেন তিনি। সঠিক দিকেই ঝাপিয়েছিলেন ইকুয়েডর গোলরক্ষক অ্যালেক্সান্ডার ডমিঙ্গেজ। তবে মেসির শটের গতির কাছে পরাস্ত হন তিনি।
এই এক গোলের লিড ধরে রাখতে খুব একটা পরীক্ষা দিতে হয়নি আর্জেন্টিনাকে। বিগত দিনগুলোর চেয়ে রক্ষণভাগে দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো। তবে মাঝমাঠ ও আক্রমণভাগে বারবার খেই হারিয়েছে আলবিসেলেস্তেরা। অবশ্য ইকুয়েডরের শরীরী জোরে খেলা ফুটবলের কারণে মানিয়ে নিতে বেশ সমস্যাই হচ্ছিল মেসিদের। ম্যাচের দ্বিতীয়ার্ধে ভালো এক সুযোগ পেয়েছিলেন ওকাম্পোস। মেসির বাড়ানো বল ধরে দূরের পোস্ট দিয়ে গোলের চেষ্টা করেছিলেন তিনি। এবার বাধা হয়ে দাঁড়ান ইকুয়েডর গোলরক্ষক। কোনোমতে হাত ছুঁইয়ে বলটি পাঠিয়ে দেন কর্নারে। আরও একবার হতাশায় নিমজ্জিত হয় আর্জেন্টিনা। বাকি সময়ে আর গোল না হওয়ায় মেসির এক গোলেই স্বস্তির জয় পায় আর্জেন্টিনা। লাতিন আমেরিকান অঞ্চলের বাছাইয়ে প্রথম জয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। এখনও মাঠে নামেনি চারটি দল।
প্রতি জেলায় জিমনেসিয়াম
ক্রীড়া প্রতিবেদক
শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত শরীর চর্চার কোনো বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে বেশি করে শরীর চর্চায় উদ্বুদ্ধ করতে দেশের প্রতিটি জেলায় জিমনেসিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, চলতি অর্থ বছরে সরকারি ভাবে ১৯টি জিমনেসিয়াম নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় একটি করে অত্যাধুনিক জিমনেসিয়াম নির্মাণ করা হবে। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে ইন্সপায়ার ফিটনেস নামের একটি জিমনেসিয়াম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের খেলার মাঠ গুলো যাতে কোনোভাবে হারিয়ে না যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা উন্মুক্ত স্থান ও খেলার মাঠগুলোকে সংরক্ষণ করার লক্ষ্য আমরা দেশের প্রতিটি ইউনিয়নে সরকারি ভাবে একটি করে খেলার মাঠ সংরক্ষণের উদ্যোগ করেছি। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে ১২৫ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন করা হয়েছে । চলতি অর্থ বছরে আরো ১৮৬ টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
আবারও বাংলাদেশে কোচ হয়ে আসছেন পাকির আলী
ক্রীড়া প্রতিবেদক
একসময় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দাপটের সঙ্গে খেলেছেন পাকির আলী। আবাহনী লিমিটেডের হয়ে সামলেছেন তাদের রক্ষণদুর্গ। এরপর কোচ হিসেবে আবাহনী, মোহামেডান, পিডাব্লিউডি ও সবশেষ শেখ জামাল ধানমন্ডি কাবে কাজ করেছেন। এমনকি লঙ্কান জাতীয় দলেরও কোচ ছিলেন প্রায় দুই বছর। সেই শ্রীলঙ্কান কোচ আবারও ফিরছেন বাংলাদেশের কাব ফুটবলে। বাংলাদেশ পুলিশ কাবের হয়ে আসছে মৌসুমে ডাগ আউটে দেখা যাবে সাবেক এই তারকা ডিফেন্ডারকে।
গত মৌসুমে প্রথম প্রিমিয়ার লিগে খেলেছে পুলিশ ফুটবল কাব। সাইপ্রাসের কোচ নিকোলাস ভিতরোভিচ ছিলেন কোচ। কাঙ্ক্ষিত ফল পেতে এবার তারা আরও অভিজ্ঞ কোচ খুঁজছিল। সেই আগ্রহের প্রেক্ষিতে ২০১১ সালে শেখ জামাল ধানমন্ডির কোচ হয়ে কাজ করা পাকির আলীকেই বেশি পছন্দ ছিল। তাই সব কিছু নাকি পাঁকাও হয়ে গেছে দুই পক্ষের সমঝোতায়। শ্রীলঙ্কান সাবেক এই ডিফেন্ডার নিজেই ফোনে কলোম্বো থেকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন, ‘আলহামদুলিল্লাহ আবারও আমার সেকেন্ড হোম বাংলাদেশে আসার সুযোগ হচ্ছে। পুলিশ দলের দায়িত্ব নিতে এ মাসের শেষ দিকেই হয়তো আসবো। আগামী সোমবার ভিসার জন্য আবেদন করবো।।’
পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল হায়দরাবাদ
ক্রীড়া প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না কিংস ইলাভেন পাঞ্জাব। নিজেদের ষষ্ঠ ম্যাচে সানরাইর্স হায়দ্রাবাদের কাছে ৬৯ রানের বড় ব্যবধানে হেরেছে পাঞ্জাব। এটি এবাররে আইপিএলে পাঞ্জবের টানা চতুর্থ পরাজয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর অর্ধশতকে ৬ উইকেটে ২০১ রান করে হায়দ্রাবাদ। জবাবে ১৩২ রানে অলআউট হয় পাঞ্জাব।
টস জিতে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ওয়ার্নার ও বেয়ারস্টো। ঝড়ো গতিতে ১৬০ রানের জুটি গড়েন তারা। দুজনেই তুলে নেন অর্ধশতক। বেয়ারস্টো বেশি আক্রমণাত্মক ছিলেন। ৪০ বলে ৫২ রান করে আউট হন ওয়ার্নার। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন বেয়ারস্টো। ওয়ার্নার যে ওভারে আউট হন সেই ওভারেই আউট হন তিনি। ৭টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৯৭ করে আউট হন বেয়ারস্টো। এরপর আর কোনো ব্যাটসম্যান ঝড়ো গতিতে রান তুলতে পারেনি। ৬ উইকেটে ২০১ রান করে হায়দ্রাবাদ। বড় রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাঞ্জব। তবে নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিংরে রান রেটের সঙ্গে পাল্লা দিয়েই রান তুলতে থাকে পাঞ্জাব। ১৭ বলেই অর্ধ শতক তুলে নেন পুরান। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। ৩৭ বলে ৭৭ করে আউট হন পুরান। তার আউটের পরপরই আর বেশিক্ষণ স্থায়ী হয়নি পাঞ্জবের ইনিংস। ১৩২ রানেই শেষ হয় তাদের ইনিংস। পুরান ছাড়া লোকেশ রাহুল ও সিমরান সিং দুই অঙ্কের রান করতে পেরেছেন। তারা দুজনেই ১১ রান করেছেন।
ফাইনালে শিয়নটেকের মুখোমুখি কেনিন
ক্রীড়া প্রতিবেদক
ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ইগা শিয়নটেক। পোল্যান্ডের তরুণীর দুরন্ত দৌড় সেমিফাইনালেও অব্যহত থাকে বৃহস্পতিবার। তিনি ৬-২, ৬-১ উড়িয়ে দেন নাদিয়া পোদোরোস্কাকে।
দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন হারান পেট্রা কুইটোভাকে। ফল ৬-৪, ৭-৫। শনিবার ফাইনাল। এর মধ্যে আবার বিতর্কে নোভাক জোকোভিচ। বুধবার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে স্পেনের পাবলো কারেনিয়ো বুস্তাকে চার সেটের লড়াইয়ে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৪ হারান জয়োকোভিচ। কিন্তু চোটের জন্য ম্যাচের মধ্যেই ট্রেনারকে ডেকে নিয়ে বাঁ হাতের উপরের দিকে পুরনো চোটের জায়গায় শুশ্রুষা করেন তিনি।
মেয়েদের আইপিএলের ভেন্যু শারজাহ
ক্রীড়া প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতেই হওয়ার কথা মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। বাকি রয়েছে শুধু এর ভেন্যুর নিশ্চিতকরণ। ক্রিকইনফো বলছে, শারজাহতেই হচ্ছে তিন দলের ফ্র্যাঞ্চাইজি এই লিগ।
পূর্ব ঘোষণা অনুযায়ী, সামনের মাসে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। মূল আইপিএলের সমান্তরালে এবারের আসরটি হতে যাচ্ছে। এরই মধ্যে অংশ নিতে যাওয়া মেয়ে ক্রিকেটারদের কোয়ারেন্টিনের সময় সীমাও নির্ধারণ হয়ে গেছে। জানা গেছে, ১৩ অক্টোবর ৩০-৩৬ জন ভারতীয় নারী ক্রিকেটার মুম্বাইয়ে ৯ দিনের কোয়ারেন্টিনের জন্য মিলিত হবেন। যার মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে, মেয়েদের আইপিএলের সব কিছু পূর্বঘোষণা অনুসারেই মাঠে গড়াচ্ছে। সবগুলো ম্যাচই হতে যাচ্ছে শারজাহতে। এই বছরের ১২টি আইপিএল ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে এই ভেন্যু। যার মধ্যে ৪টি অনুষ্ঠিত হয়ে গেছে।
রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি-সুয়ারেস
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ বাছাইপর্বে নিজ নিজ দলের প্রথম ম্যাচে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। কয়েক ঘণ্টার ব্যবধানে পাওয়া গোলে একটি মাইলফলকও স্পর্শ করেছেন দুই সাবেক কাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচে এতদিন সর্বোচ্চ গোলের মালিক ছিলেন রোনালদো নাজারিও। ব্রাজিলিয়ান কিংবদন্তির গোলসংখ্যা ৩৯টি। এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি ও সুয়ারেস। রোনালদোর রেকর্ডে ভাগ বসানোর পথে মেসি ও সুয়ারেস দুজনেই পেনাল্টি থেকে গোল করেছেন। এর মধ্যে মেসির একমাত্র গোলেই ইকুয়েডরকে হারিয়েছে আর্জেন্টিনা। আর চিলির বিপক্ষে উরুগুয়ের ২-১ গোলে পাওয়া জয়ে প্রথম গোলটি আসে সুয়ারেসের পা থেকে।
চিলিকে হারিয়ে জয়ে শুরু উরুগুয়ের
ক্রীড়া প্রতিবেদক
জয় দিয়ে কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্ব শুরু করেছে উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে তারা। ম্যাক্সি গোমেসের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারায় উরুগুয়ে।
এস্তাদিও সেন্তেনারিওতে ম্যাচের শুরু থেকেই সমান আধিপত্য দেখায় দুলই। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে উরুগুয়ের আক্রমণ থেকে একটি ক্রস ঠেকাতে গিয়ে চিলির ডিফেন্ডার সেবাস্তিয়ান ভেগাসের হাতে লেগে বল গোললাইনের বাইরে চলে যায়। রেফারি কর্নাররে বাঁশি বাজালেও শেষ মুহূর্তে ভিডিও রেফারির সহায়তায় পেনাল্টি দেন। স্পট কিক থেকে দলকে লিড এনে দেন লুইস সুয়ারেস। বিরতির পর শুরুতেই সমাত ফেরে চিলি। ৫৪ মিনিটে চার্লস আরাঙ্গুইজের থ্রু পাস থেকে বল পেয়ে যান অ্যালেক্সিস সানচেজ। ডান পায়ের শটে উরুগুয়ের গোলরক্ষকে পরাস্ত করেন তিনি। ১-১ গোলে সমতায় ফেরে চিলি। এরপর দুদলই বেশ কয়েকটি গোলের সুযোগ হাত ছাড়া করে। তবে ম্যাচের নাটকীয়তা দেখা যায় শেষ মুহূর্তে। ইনুজরি সময়ে পেনাল্টি বক্সের বাইর থেকে ম্যাক্সি গোমেসের ডান পায়ের শট রুখতে পারেননি চিলির গোলরক্ষক। ২-১ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
ওয়েলসকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ডের হয়ে নিজের অভিষেক ম্যাচটা রাঙিয়ে নিলেন ডমিনিক কালভার্ট-লুইন। গোলের সঙ্গে পেলেন জয়ের দেখা। সুবাদে কোচ গ্যারেথ সাউথগেটের দল প্রীতি ম্যাচে সহজেই ৩-০ গোলে হারিয়ে দিয়েছে ওয়েলসকে।
ওয়েম্বলিতে ২৬তম মিনিটে কালভার্ট-লুইন এগিয়ে দেন স্বাগতিক ইংলিশদের। জ্যাক গ্রিয়ালিশের কাছ থেকে পাস পেয়ে অভিষেক ম্যাচে গোল করার সুযোগটা হাতছাড়া করেননি এভারটনের ফর্মে থাকা এ স্ট্রাইকার। কাবের জার্সি গায়ে চলতি মৌসুমে ইতোমধ্যে দু’বার হ্যাটট্রিকও করে ফেলেছেন কালভার্ট-লুইন। ম্যাচের ৫৩তম মিনিটে কিয়েরান ট্রিপিয়ারের ফ্রি-কিক থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন কনর কোয়াডি। এটাই তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল।
৬৩তম মিনিটে ক্যালভিন ফিলিপসের কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছোঁয়ান টাইরন মিংস। বল পেয়ে আর দেরি করেননি ড্যানি ইনগস। জয়ের ব্যবধানটা বাড়িয়ে দেন দুরন্ত ওভারহেড কিকে।
শেষ দিকে গোল খেয়ে বেলজিয়ামের ড্র
ক্রীড়া প্রতিবেদক
চোটের জন্য আগে থেকে নেই আক্রমণভাগের তারকা এদেন আজার। দলের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু, মাঝমাঠের প্রাণ কেভিন ডে ব্রুইনেকেও বাইরে রেখে নতুনদের নিয়ে শেষ পর্যন্ত কোত দি ভোয়ার বিপক্ষে জিততে পারেনি বেলজিয়াম।
বৃহস্পতিবারের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম। আগামী রোববার নেশন্স লিগে নিজেদের তৃতীয় ম্যাচে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে। নেশন্স লিগে গত মাসে ডেনমার্ক ও আইসল্যান্ডকে হারানো মার্তিনেস ইংল্যান্ড ম্যাচের আগে তরুণদের পরখ করে নিতে চেয়েছিলেন। তাই নিয়মিত খেলোয়াড়দের অনেককেই রেখেছিলেন বিশ্রামে। গোলশূন্য প্রথমার্ধে গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি বেলজিয়াম। দুয়েকটা সুযোগ যাও এসেছিল, সেগুলো কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। ষোড়শ মিনিটে লিয়ান্দ্র ত্রোসারের কাটব্যাকে মিচি বাতসুয়াইয়ের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে। ৩২তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে বেলজিয়ামের ত্রোসার ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় বেলজিয়াম। বাতসুয়াইয়ের শট ক্রসবারের অনেক উপর দিয়ে উড়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বেলজিয়াম। ডান দিক থেকে আলেক্সিস সায়েলেমায়েকার্সের ক্রসে বাতসুয়াইয়ের শট গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৮৭তম মিনিটে স্পট কিকে কোত দি ভোয়াকে সমতায় ফেরান ফ্রাঁ কেসিয়ে। ডি-বক্সে উইলফ্রাইড জাহা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এ গোলেই থামে আগের ১২ ম্যাচ জিতে আসা বেলজিয়ামের জয়রথ।
দোহায় হবে পূর্বাঞ্চলের ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মহামারীর এই সময়েও ওয়েস্ট জোনের খেলা সফলভাবে আয়োজন করতে সক্ষম হওয়ায় এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগের ইস্ট জোনের (পূর্বাঞ্চল) খেলাগুলো আয়োজনেরও দায়িত্ব দেয়া হয়েছে কাতারকে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, জাপান, চীন ও অস্ট্রেলিয়ার মত দেশের কাবগুলোর অন্তর্ভুক্তিতে গঠিত ইস্ট জোনের বাকি ম্যাচগুলো দোহায় অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর। একক লিগ এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। তবে ফাইনালের ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি। করোনাভাইরাসের কারণে গোটা ম্যাচ সূচিকেই পরিবর্তিত করতে হয়েছে এএফসিকে। ইস্ট জোনের ‘জি’ এবং ‘এইচ’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবার কথা ছিল মালয়েশিয়ায়। দেশটি এখন করোনার সঙ্গে লড়াই করছে। পরে কাতারে জৈব সুরক্ষিত বাবলের মধ্যে গত মাসে ফের শুরু হয় এশিয়ার কাব ফুটবলের এই শীর্ষ টুর্নামেন্টের খেলা।
তৃতীয় দফা পেছাল এলপিএলের নিলাম
ক্রীড়া প্রতিবেদক
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ওপর যেন বদ নজর পড়েছে। এক সময় ঘটা করে এসএলপিএল বা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজন করেও সাফল্যের মুখ দেখেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবার তাই নতুন উদ্যমে এলপিএল আয়োজনের পরিকল্পনা হচ্ছিল। তবে দফায় দফায় পেছাচ্ছে টি-টোয়েন্টি লিগটির আয়োজনের পরিকল্পনা হচ্ছিল। তবে দফায় দফায় পেছাচ্ছে টি-টোয়েন্টি লিগটির ভবিষ্যত।
এলপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ০১ অক্টোবর। আসরের সূচি পেছানোয় নিলামের নতুন সূচি ঠিক করা হয় ০৯ অক্টোবর। তবে করোনা মহামারী হুট করে বিরূপ আকার ধারণ করায় নিলাম আবারো অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে। প্রথমে ২৮ আগস্ট শুরু করে ২০ সেপ্টেম্বর এলপিএল শেষ করার পরিকল্পনা করা হয়েছিল। ১৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচের পরিকল্পনা করে দ্বিতীয় দফা সূচি চূড়ান্ত করলেও বদলে যায় সেই সূচিও, টুর্নামেন্ট গোড়াপত্তনের নতুন তারিখ নির্ধারণ করা হয় ২১ নভেম্বর। এবার নিলামের তারিখ তৃতীয় দফা পেছানোয় আসর শুরু নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।











































