স্পোর্টস ডেস্ক
দ্রুত ম্যাচ শেষ করতে চেয়েছিল ভারত। তার জন্য ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করানো হয়েছিল। কিন্তু এক টানা ২০০ ওভার বোলিং ও অনমনীয় উইকেটে সংগ্রাম করার পরও, জয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে পঞ্চম দিনের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে স্বাগতিকদের।
সিরিজের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিন ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চতুর্থ দিনের শেষ বিকেলে ১৮ ওভার ব্যাট করে ৬৩ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করে। জয়ের জন্য দরকার ৫৮ রান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই উইকেট ২৫.২ ওভার টিকে থাকার পরই বোঝা গিয়েছিল, এই ম্যাচ সহজ হবে না। তবুও ভারতীয় অধিনায়ক অবস্থা উপেক্ষা করে ৮১.৫ ওভার বোলিংয়ের পরই আবার বোলারদের কাজে লাগান। হয়তো তারা ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজ দ্রুত ভেঙে পড়বে, কিন্তু তারা প্রতিরোধ গড়ে তোলে।
জন ক্যাম্পবেল নিজের অভিষেক সেঞ্চুরি করেন। আর শাই হোপ আট বছর পর শতরানের দেখা পান। এছাড়া শেষ উইকেট জুটিতে ৭৯ রানের পার্টনারশিপ গড়ে ২০২৫ সালের তাদের দ্বিতীয় সেরা জুটি গড়ার কীর্তি করে।
তবে শেষ উইকেটে তাদের পুরোপুরি চেপে বসার আগেই ভারত নতুন বলে ফিরে আসে। যা ২৯৩/৪ থেকে ৩১১/৯-এ নামিয়ে আনে ওয়েস্ট ইন্ডিজকে। মোহাম্মদ সিরাজ হোপের উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজের পতন শুরু করেন। এরপর কুলদীপ যাদব দ্রুত তিনটি উইকেট নেন, প্রথম ইনিংসের পাঁচটির সঙ্গে যোগ হয় আরও তিনটি।
ভারতের মরিয়া মনোভাব বোঝা যায় এই তথ্য থেকেই-নিতীশ কুমার রেড্ডিকে এক ওভারও বল করানো হয়নি, যদিও ব্যাটিংয়ে তাকে নম্বর ৫-এ উন্নীত করা হয়েছিল অভিজ্ঞতা দেওয়ার জন্য।
চতুর্থ দিনের সকালে ওয়েস্ট ইন্ডিজ ৯৭ রানে পিছিয়ে ও ৮ উইকেট হাতে নিয়ে দিন শুরু করে। ৪৯ ওভার পুরোনো বল কোনো সহায়তা দেয়নি ভারতের বোলারদের, যদিও তারা মনোযোগ হারাননি।
ক্যাম্পবেল আগের দিন ৮৭ রানে অপরাজিত ছিলেন। আজ একটি বিশাল স্লগ-সুইপ ছক্কায় শতক পূর্ণ করেন। পুরো ইনিংসেই সুইপ শট ছিল তার ভরসা, কিন্তু প্রথমবার রিভার্স সুইপ খেলতে গিয়ে সম্পূর্ণ মিস করেন এবং এলবিডব্লিউ হন। এই শটটি রবীন্দ্র জাদেজার রাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেলের কৌশলগত পরিবর্তনের ফল।
হোপ ও রোস্টন চেজ ৫৯ রানের জুটি গড়েন, কিন্তু দুপুরের পর দ্বিতীয় নতুন বল নেওয়া মাত্রই ম্যাচে পরিবর্তন আসে। সিরাজ একটি ডেলিভারিতে হোপকে বোল্ড করে দেন, যা তাকে ২০২৫ সালে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি বানায়।
কুলদীপ যিনি প্রথম নতুন বলে ১৬ ওভারে ৬৩ রান খরচ করেছিলেন, এবার আরও দ্রুত বল করার সিদ্ধান্ত নেন। টেভিন ইমলাক তার প্রথম ওভারে চার ও ছক্কা মারলে তিনি লেন্থ খানিক ছোট করে ফেলেন — আর সেখান থেকেই পান ইমলাক (এলবিডব্লিউ) ও চেজ (শর্ট মিডউইকেটে ক্যাচ)-এর উইকেট।
এরপর খারি পিয়ের, যিনি প্রথম ইনিংসে প্রতিরোধ গড়েছিলেন, একটি ঢিলেঢালা শটে মিড-অফে ক্যাচ দেন। জসপ্রিত বুমরাহ পরপর জোমেল ওয়ারিকান ও অ্যান্ডারসন ফিলিপ-কে আউট করেন, তখনও ওয়েস্ট ইন্ডিজের লিড মাত্র ৪১।
জাস্টিন গ্রিভস এতটাই স্বাচ্ছন্দ ছিলেন যে জেডেন সিলসকে রক্ষা করারও প্রয়োজন বোধ করেননি। ক্লান্ত শরীর ও বিরক্ত মন নিয়ে ভারত শেষ সেশনে বাড়তি আধাঘণ্টা বোলিং করে। কারণ ওয়েস্ট ইন্ডিজের তখনও একটি উইকেট হাতে ছিল।
গ্রিভস ও সিলসের দীর্ঘ প্রতিরোধ ওয়েস্ট ইন্ডিজকে এমন অবস্থায় নিয়ে যায়, যেখানে তারা আফসোস করবে—যদি দ্বিতীয় নতুন বলের সময় ধসটা না নামত, তাহলে হয়তো ভিন্ন কিছু ঘটত।
অবশেষে সিলস বুমরাহর এক আত্মবিশ্বাসী শর্ট বল টানতে গিয়ে ডিপ স্কোয়ারে ক্যাচ দেন। এর আগেই একই ওভারে তিনি বুমরাহকে চার মেরেছিলেন।











































