সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এক নারীকে ভারতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া, পৃথক অভিযানে প্রায় ছয় লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর একটি আভিযানিক দল বিনেরপোতা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মোছা. সুরাইয়া ইয়াছমিন (২৪) নামে এক নারীকে আটক করে। তিনি সদর উপজেলার কাথন্ডা গ্রামের মো. আব্দুল আজিজের স্ত্রী।
এ সময় তার ব্যাগ থেকে এক কেজি ভারতীয় গাঁজা, ১৯৯ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, ৩০ পিস নারকোটিক ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে একই দিনে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও চান্দুরিয়া বিওপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ পাঁচ লাখ ছিয়াত্তর হাজার টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় শাড়ি, ওষুধ ও অন্যান্য পণ্য।
বিজিবি জানায়, চোরাকারবারিরা নিয়মিতভাবে ভারতীয় মালামাল শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করছে। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে।
আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আর জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











































