খুলনাঞ্চল রিপোর্ট।।
বাগেরহাটের মোংলায় মহিদুল শেখ (৩২) নামে এক যুবককে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় তার স্ত্রীকেও মারধর করা হয়। এ ঘটনায় দুই অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
সোমবার (১৩) অক্টোবর সকাল সোয়া ৭টার দিকে পৌর শহরের কবরস্থান রোড শ্রমিক সংঘসংলগ্ন মেইন সড়কে এ ঘটনা ঘটে।
আহত মহিদুল শেখ মোংলা উপজেলার মিঠাখালীর সোনাখালী এলাকার হান্নান শেখের ছেলে।
এ ঘটনায় আটকরা হলেন: হেমায়েত শেখের ছেলে বনি আমিন ও মজিবুর রহমান হাওলাদার ছেলে মাহমুদ হাওলাদার। তাদের বাড়ি উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া এলাকায়।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগে মোটরসাইকেল ওভারটেক নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এ ঘটনার সূত্রপাত।
সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার দিকে পৌর শহরের কবরস্থান রোড শ্রমিক সংঘ এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি গাড়ির গতিরোধ করেন বনি আমিন ও মাহমুদ। কিছু বুঝে ওঠার আগেই ওই গাড়ি থেকে একটি কাঠের লাঠি দিয়ে পিছন থেকে তার মাথায় পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
এ সময় মহিদুল মাটিতে লুটিয়ে পড়েন। তার স্ত্রী স্বামীর প্রাণ বাঁচাতে গেলে তাকেও মেরে আহত করেন তারা। মহিদুলের সঙ্গে মাহমুদ ও বনি আমিনের পূর্ব শত্রুতা চলছিল বলে জানান এলাকাবাসী।
পরে স্থানীয়রা মহিদুলকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
অপরদিকে, এ ঘটনার পর মাহমুদ ও বনি আমিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেন স্থানীয় জনতা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মহিদুলের বড় ভাই বুল বুল শেখ।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌসুমী ইয়াসমীন বলেন, ‘সোমবার সকালে অচেতন অবস্থায় মহিদুল শেখ নামে একজনকে হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘কবরস্থান রোড এলাকায় একজনকে মেরে আহতের খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া স্থানীয় জনতার সহায়তায় এর সঙ্গে জড়িত দুজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।











































