কয়রা প্রতিনিধি।।
খুলনার কয়রায় ৮ কেজি হরিণের মাংসসহ মোছা. শাহিনা খাতুন (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজ্জামান জানান, রোববার সকাল সোয়া ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গুচ্ছ গ্রামস্থ পাকা রাস্তার উপর থেকে হরিণের মাংসসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শাহিনা খাতুন অন্যান্য সহযোগীদের সহায়তায় সুন্দরবন হতে অবৈধভাবে হরিণ শিকার করে বিভিন্ন স্থানে মাংস পাচার করতেন। এ ঘটনায় কয়রা থানায় বন আইন, ১৯২৭ ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ মূলে মামলা দায়ের করা হয়েছে।











































