স্পোর্টস ডেস্ক।।
ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। কয়েক দশক ধরে সুনামের সঙ্গেই ক্লাবের মর্যাদা ধরে রাখে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর কালো মেঘ জমেছিল আবাহনীর ওপরে। বিগত পতিত সরকারের আমলে আলো ছড়ালেও ৫২ বছরের ইতিহাসে আবাহনীর মাঠে থাকা নিয়ে তৈরি হয় নতুন শঙ্কা। শেখ হাসিনা পালানোর পর অন্য সকল জায়গার মতো হামলা চালানো হয় আবাহনী ক্লাবেও। লুট হয় আবাহনীর অনেক মূল্যবান সম্পদ। আবাহনীর পাশে দাঁড়ানোর লোকই পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে গত মৌসুমে বিদেশি ফুটবলার ছাড়াই মাঠে নামে তারা। লীগে টেবিলের দুইয়ে থেকে আসর শেষ করে দলটি। তবে চলতি মৌসুমে খারাপ সময়টাকে পেছনে ফেলতে চায় আবাহনী। সেই লক্ষ্যে নতুন পরিকল্পনা করছেন দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রুপু এবং কোচ মারুফুল হক। ইতিমধ্যেই আবাহনীতে যোগ দিয়েছেন জাতীয় দলের তিন তরুণ ফুটবলার শেখ মোরসালিন, মোহাম্মদ আল আমিন এবং কাজিম শাহ। এ বিষয়ে মানবজমিনকে কোচ মারুফ বলেন, ‘তরুণ প্রমিজিং প্লেয়ার যেমন মোরসালিন, আল আমিনরা ক’দিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছে। শেষ বছরেও তারা অনেক ভালো খেলেছিল। আমি মনে করে তারা দলে (আবাহনীতে) যোগ দেয়ায় আমাদের শক্তি বেড়েছে।’ পুলিশ এফসি থেকে এসে প্রথমদিন থেকেই দলের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মোহাম্মদ আল আমিন। এ তরুণ স্ট্রাইকার মানবজমিনকে বলেন, ‘আবাহনীতে খেলার স্বপ্ন সবার থাকে। আমারও ছিল। প্র্যাকটিস করছি কোচ মারুফ স্যারের কাছে। আশা করছি এক বছরে অনেক কিছু শিখতে পারবো। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। সামনে ১২ তারিখে ভালো কিছু হবে।’ সামনে এফএফসি চ্যালেঞ্জ লীগ। সেই লক্ষ্য নিয়েই লোকাল ফুটবলারদের পাশাপাশি দলে বিদেশি প্লেয়ারদেরকেও চাচ্ছেন মারুফুল হক। চলতি দলবদলে তারা নিয়েছেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে। মারুফুল হক বলেন, ‘আমরা আগের মৌসুমে শেষ পর্যায়ে গিয়ে হেরে গিয়েছিলাম। অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। সেই সময়ে মনে হয়েছিল আমাদের দলে যদি ২-৩ টা বিদেশি প্লেয়ার থাকতো তাহলে ভালো হতো। তাই আমার কাছে মনে হয় এবার আগেই কিছু বিদেশি খেলোয়াড় পেয়ে গেলে টিম কম্বিনেশনসহ, আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারবো ইনশাআল্লাহ’।
১২ই আগস্ট জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লীগের প্লে-অফে তাদের প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। তাই প্লে অফকে সামনে রেখে প্রস্তুতি আগেভাগেই শুরু করে আবাহনী। শাহরিয়ার ইমন, মোহাম্মদ হৃদয়ের মতো তারকা হাতছাড়া করলেও নতুন মৌসুমের জন্য আবাহনী রেখে দিয়েছে মোহাম্মাদ ইব্রাহিম, হাসান মুরাদ, এনামুল, গোলকিপার মিতুল মারমার মতো পরিক্ষীতদের । ব্রাদার্স ইউনিয়ন থেকে যোগ দিয়েছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। পাশাপাশি অনূর্ধ্ব-১৮ দল থেকে মিরাজুল ইসলাম, রিয়াদকেও দলে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ সময় আবাহনীর ম্যানেজারের দায়িত্বে আছেন সত্যজিৎ দাস রপু। গত বছর তিনি না থাকলেও নতুন করে আবারো আবাহনীর দায়িত্ব নিয়েছেন এ সাবেক ফুটবলার। আবাহনীকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে সত্যজিৎ দাস বলেন, ‘সামনে এএফসি কাপ। আমাদের খেলার সঙ্গে সঙ্গে দলবদলের প্রক্রিয়াও চলমান রয়েছে। গতবার কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা চেষ্টা করেছিলাম। মূলত খেলতে না পারার কারণে এবং পরবর্তীতে অবস্থার কারণে আমরা শিরোপা নিতে পারিনি। তারপরও আমাদের প্লেয়াররা চেষ্টা করেছে। সবার সমন্বয়ে দল রানার্সআপ হতে পেরেছে।’ তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হবার জন্য আমরা এবারও একই ধারায় এগিয়ে যাবো। প্লেয়ারদেরকে নিয়ে লড়াই করার জন্য। আর রেজাল্ট তো সময়ের বিষয়।’ বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোর মধ্যে লীগ কাপে সর্বাধিক ৬বার শিরোপা জয়ের রেকর্ড আবাহনীর। এছাড়া ফেডারেশন কাপের ১২ বারের চ্যাম্পিয়ন তারা। এর আগে ২০১৯ সালে নীল-আকাশিরা এএফসি কাপের গ্রুপ পর্যায়ে খেলার সুযোগ পায়।











































