Home খেলাধুলা টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতিতে ‘ডাচ্‌ সমাধান’

টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতিতে ‘ডাচ্‌ সমাধান’

16


স্পোর্টস রিপোর্টার।।
সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট আসর। এই আসরকে সামনে রেখে কীভাবে নিজেদের প্রস্তুত করবে বাংলাদেশ ক্রিকেট দল, তা নিয়ে চলছে নানা পরিকল্পনা। আপাতত অনুশীলন ক্যাম্পের পাশাপাশি একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তুতি চলছে। সুযোগ হলে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অনুশীলনের ব্যবস্থাও করা হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে অন্তত একটি আন্তর্জাতিক সিরিজ খেলার ব্যাপারে অধিনায়ক লিটন কুমার দাসের চাওয়া পূরণ হতে চলেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন প্রায় নিশ্চিত। এশিয়া কাপকে সামনে রেখে আগস্টের প্রথম সপ্তাহ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে উড়ন্ত সূচনা করার পর এবার ডাচ্‌দের বিপক্ষে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেবে টাইগাররা। তবে প্রস্তুতির জন্য এই ‘ডাচ্‌ সমাধান’ এশিয়া কাপে টাইগারদের কতটা কাজে আসবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

অধিনায়ক লিটন দাস এশিয়া কাপের আগে অন্তত একটি সিরিজ খেলার পক্ষে ছিলেন। শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে দুবাইয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবলেও পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে এশিয়া কাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজ ঘোষণা করায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। বিসিবি অবশ্য আগে থেকেই নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ করছিল এবং ডাচ্‌রা বাংলাদেশে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে। বিসিবি’র সূত্র অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ১৪ই আগস্ট নেদারল্যান্ডস দল ঢাকায় পৌঁছাবে এবং ১৯ থেকে ২৫শে আগস্টের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের মধ্য দিয়েই এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে বাংলাদেশ। সংবাদমাধ্যমকে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ‘এশিয়া কাপের আগে সিরিজ খেলার জন্য টেস্ট খেলুড়ে কোনো দেশের সূচি পাওয়া যায়নি। এরপর আয়ারল্যান্ড, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ করা হয়। এর মধ্য থেকে ডাচ্‌রা সিরিজ খেলার জন্য সম্মতি দিয়েছে। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। তারা আসবে, এখানে ম্যাচ খেলবে, সেজন্য তাদের হিসাব-নিকাশের ব্যাপার রয়েছে। সবকিছু ঠিক থাকলে দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ অন্যদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন আছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বের শীর্ষ দুইয়ে থাকতে পারলে সুপার ফোরে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে এবং এরপর টেবিলের শীর্ষ দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। এই টুর্নামেন্ট মূলত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়াও এশিয়া কাপের মোট ১৬টি আসরের মধ্যে দুটি টি-টোয়েন্টি ফরম্যাটে এবং বাকি ১৩টি ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেবল ১৯৮৪ সালের উদ্বোধনী আসরে অংশ নেয়নি, এরপর ১৯৮৬ সাল থেকে তারা নিয়মিত অংশগ্রহণ করছে। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশ ৪৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৭টিতে জয় এবং ৩৬টিতে হার। টি-টোয়েন্টি ফরম্যাটে ৭টি ম্যাচের মধ্যে ৩টিতে জয় এবং ৪টিতে পরাজয়। এখন পর্যন্ত এশিয়া কাপের শিরোপা জিততে না পারলেও, বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে। ২০১২ ও ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ রানার্সআপ হয়। এ ছাড়াও বাংলাদেশ সর্বোচ্চ পাঁচবার এশিয়া কাপের আয়োজক ছিল। ১৯৮৮ সালে প্রথমবার আয়োজনের পর, ২০০০ সালে দ্বিতীয়বার এবং এরপর ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে টানা তিন আসরের স্বাগতিক ছিল বাংলাদেশ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটের দুটি এশিয়া কাপে বাংলাদেশের ফলাফল মিশ্র অভিজ্ঞতার। এই ফরম্যাটে এখনো টাইগাররা পায়ের তলায় মাটি খুঁজে পায়নি। সাকিব আল হাসান, তামিম ইকবালদের বিদায়ের পর নতুন মোড়কে সাজানো হচ্ছে দল। টানা ব্যর্থতার পর সবশেষ সাফল্য শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। যদিও এখনো দলের ব্যাটিংটাই বড় চিন্তার কারণ। তবে সেই সমাধানও খুঁজতে শুরু করেছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট।