Home খেলাধুলা ‘শুধু খেললেই হবে না, ক্রিকেট শিক্ষাও জরুরি’

‘শুধু খেললেই হবে না, ক্রিকেট শিক্ষাও জরুরি’

12


স্পোর্টস রিপোর্টার।।
ক্রিকেটে এখন সাবেক ক্রিকেটারদের কোচিংয়ে আসার প্রবণতা দেখা যাচ্ছে। রাজিন সালেহ, মোহাম্মদ রফিক, নাজমু্‌ল হোসেনরা এরই মধ্যে কোচিং পেশায় নাম লিখিয়েছেন। অনেকে অবসরের আগেই নানা কোর্সে অংশ নিচ্ছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে তিনদিনব্যাপী লেভেল-এ কোচিং কর্মশালা, যা পরিচালনা করছে বিসিবি’র গেম ডেভেলপমেন্ট ইউনিট। কোর্সের দ্বিতীয় দিনে বিসিবি’র গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার বলেন, দেশে এখন কোচিং পেশায় আগ্রহ বাড়ছে, এটা ক্রিকেটের বিকাশের জন্য ইতিবাচক সংকেত।

নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমন। তার মতে, এতে লাভবান হবে দেশের ক্রিকেটই। তিনি বলেন, ‘ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে শুধু খেললেই হবে না, ক্রিকেট শিক্ষাও খুব জরুরি। তাই এখানে যারা (কোর্স করতে) আসছেন, তারা আসলে তৃণমূল পর্যায়ে কাজ করেন। আমরা যদি তাদের সঠিক প্রশিক্ষণ দিতে পারি, একটু আপগ্রেড করতে পারি, সেটা দিনশেষে বাংলাদেশের ক্রিকেটেরই কাজে লাগবে। আমরা সামনে আরও বেশি বেশি এ ধরনের সেমিনার করবো।’ মাঠের খেলা শেষে কেউ আম্পায়ারিংকে বেছে নিয়েছেন। কেউ বেছে নিয়েছেন কোচিংকে। কেউ বা প্রশাসনিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। তবে আনুপাতিক হারে ক্রিকেট কোচিংয়ে মনোযোগটা একটু কমই পড়েছে। কেননা ক্রিকেট কোচিংয়ের জন্য নির্দিষ্ট কোর্স আছে, সেসব কোর্সে ধাপে ধাপে পার করতে হয়। নানা ধাপ পেরোনোর পরই মিলে আন্তর্জাতিক স্বীকৃতি। তবে সাম্প্রতিক সাবেক ক্রিকেটারদের কোচিংয়ে আসার আগ্রহ বেড়েছে। এ নিয়ে উচ্ছ্বসিত বাশার বলেন, ‘এখন অনেক ক্রিকেটারই খেলা শেষ করে কোচিংয়ে আসতে চাইছেন। আগে এ প্রবণতা ছিল না। ইনফ্যাক্ট পাঁচ-দশ বছর আগেও এত কোচিংয়ে আসতে চাইতো না। এখন অনেককেই দেখছি, প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে আসতে চাইছে।’

কোচিং নিয়ে সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘লেভেল ওয়ান কোর্স করার জন্য অনেকের সিভি জমা পড়েছে। অনেকের সিভি জমা পড়েছে মানে যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার যারা এখনো খেলছেন অথবা আর এক দুই বছর খেলবেন তারা কোচিংয়ে আসতে চাচ্ছেন। ভালো কোচ যদি আমরা তৈরি করতে পারি তাহলে অবশ্যই বাইরের দেশে তারা ডাক পাবেন। কিন্তু আমার আসলে মূল চিন্তার বিষয় আমাদের যে ক্রিকেটটা, সেখানে কীভাবে আমরা আরো ভালো কোচ বানাতে পারি, সেখানে কীভাবে ভালো কোচিং করাতে পারি।’