স্পোর্টস ডেস্ক
মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার মুখোমুখি হয় স্পেন ও জার্মানি। ম্যাচ যখন টাইব্রেকারের দ্বারপ্রান্তে, তখন জয়সূচক একমাত্র গোলটি করলেন আইতানা বোনমাতি। অথচ টুর্নামেন্টে এই দু’বারের ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডারের খেলা নিয়েই ছিল শঙ্কা। মেনেনজাইটিস রোগে ভুগছিলেন গত টানা দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। ফাইনালে আগামী রোববার ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। মেয়েদের ইউরো শুরুর আগমুহূর্তে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন এ ম্যাচের জয়সূচক গোলদাতা বোনমাতি। ভাইরাল মেনিনজাইটিসে ভোগা এ বার্সেলোনা তারকাকে প্রতিযোগিতায় পাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। এর আগে জাপানের বিপক্ষে ৩-১ গোলে জেতা প্রস্তুতি ম্যাচটি দেখেন হাসপাতালের বিছানায় শুয়ে। পরে অবশ্য ইউরোর পাঁচটি ম্যাচেই খেলতে পারেন বোনমাতি, শুধু গোলটাই পাওয়া হচ্ছিল না তার। এবার সেমিতে মহাগুরুত্বপূর্ণ গোলটি এলো তার পা থেকেই। সুইজারল্যান্ডের লেটজিগ্রান্ডে এদিন পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে স্পেনের মেয়েরাই। ৬৭ শতাংশ বল নিজেদের পায়ে রাখা স্প্যানিশরা গোলের দিকে ২২টি শটের মধ্যে ৯টি রাখে লক্ষ্যে। আর জার্মানির ১৫টির মধ্যে লক্ষ্যে থাকে স্রেফ ৪টি। ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই দু’টি দুর্দান্ত সুযোগ তৈরি করে স্পেন। সে যাত্রায় গোলকিপার অ্যান-ক্যাটরিন বার্গারের কারণে বেঁচে যায় জার্মানরা। পাল্টা জবাব দেয় তারাও। বিরতির বাঁশি বাজার কিছু মিনিট
আগে দারুণ একটি সুযোগ হাতছাড়া করে স্পেন। বিরতির পর মাঠে ফিরেও স্কোরলাইনে গোল যোগ না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩তম মিনিটে সতীর্থ রেবেকা নাকের রক্ষণচেরা পাস থেকে করা বোনমাতির গোলটি ছিল দেখার মতো। এমন দুরূহ কোণ থেকে বল জালে জড়ানো চাট্টিখানি কথা নয়। ম্যাচ শেষে বোনমাতির প্রশংসায় স্পেন কোচ মন্তসে তোমে বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে তার জন্য খেলাটা সহজ ছিল না। তবে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো তার বিশেষ ব্যক্তিত্ব আছে। খেলার মাঝে জায়গা করে নেয়ার অসাধারণ সামর্থ্য তার রয়েছে, যেমনটা সে আজও করেছে। স্বাস্থ্যগত
বিষয়টাও সে টুর্নামেন্টের আগেই সমাধান করেছে। তাকে মাঠে ফেরানোর কাজটা ভালো ছিল। দলকে অনেক সাহায্য করেছে।’ জয়ের নায়ক বোনমাতি বলেন, ‘ম্যাচে আমি আমার নিজের সর্বোচ্চটা দিয়ে লড়েছি এবং আমার সকল সতীর্থকে এ কারণে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে এ ম্যাচ পর্যন্ত আসতে সাহায্য করেছে। কেননা, এটি আমার একার পক্ষে করা সম্ভব ছিল না। ভাগ্যে নয়, আমি আমার কঠোর পরিশ্রম, মানসিকতা ও মানুষের সমর্থনের প্রতি বিশ্বাস করি।’ ফাইনালের ভাবনাটা পরের, আপাতত উদযাপনই করতে চান বোনমাতি, বলেন, ‘ইংল্যান্ডকে নিয়ে আমরা আগামীকাল ভাবব। এখন সময় উদযাপনের।’
সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিতব্য ফাইনালটি হতে যাচ্ছে ২০২৩ নারী বিশ্বকাপের পুনরাবৃত্তি। সিডনিতে সেবার ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে স্পেন। সেক্ষেত্রে স্প্যানিশ মেয়েদের জন্য ম্যাচটি ধারাবাহিকতা বজায় রাখার, আর ইংল্যান্ডের প্রতিশোধ ও শিরোপা ধরে রাখার।











































