স্পোর্টস ডেস্ক।।
লর্ডসের পর এবার ওল্ড ট্র্যাফোর্ডে চোটের সম্মুখীন হলেন ঋষভ পান্ত। তবে এবারের চোটটি বেশি গুরুতর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পান্তকে। যার অর্থ হলো, এই সিরিজে আর তাকে মাঠে দেখা যাবে না। বাধ্য হয়েই গাড়িতে চড়ে মাঠ ছাড়ার আগে অনন্য এক কীর্তিও গড়েছেন এই ২৭ বছর বয়সী ক্রিকেটার।
প্রথম সফরকারী উইকেটকিপার-ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রানের কীর্তি গড়েছেন পান্ত। অনন্য মাইলফলকটি ছুঁতে এই ডানহাতি ব্যাটারের ম্যানচেস্টার টেস্টে দরকার ছিল ১৯ রানের। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ ম্যাচের প্রথম দিন বুধবার ৬১তম ওভারে ব্রাইডন কার্সকে ছক্কা হাঁকিয়ে এ মাইলফলক স্পর্শ করেন পান্ত। তবে কয়েক ওভার পরই বড়সড় ধাক্কা খান তিনি। চোট পাবার ঘটনাটি এদিনের শেষ সেশনের। ইনিংসের ৬৮তম ওভারে আরেক ইংলিশ পেসার ক্রিস ওকসের চতুর্থ বলে রিভার্স সুইপ করার চেষ্টায় বল গিয়ে লাগে পান্তের পায়ে। স্বাগতিকদের এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন তারা। টিভি স্ক্রিনে দেখা যায়, পান্তের ডান পায়ের পাতায় একটি জায়গায় ফুলে গেছে। এক পর্যায়ে সেখান থেকে রক্ত ঝড়তেও দেখা যায়। মাঠে বসে প্রাথমিক চিকিৎসা নিলেও দাঁড়িয়ে থাকতে পারছিলেন না তিনি। বাধ্য হয়েই গলফ কার্টে করে ছাড়েন মাঠ। তখন ৪৮ বলে ৩৭ রানে ব্যাট করছিলেন পান্ত। লর্ডস টেস্টেও ইংল্যান্ডের প্রথম ইনিংসের সময় উইকেটের পেছেন বাঁ হাতে চোট পান তিনি। পরে সেই টেস্টে আর উইকেটকিপিং করতে পারেননি, তার জায়গায় আসেন ধ্রুভ জুরেল। এদিনের চোট নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেন, ‘ওর যন্ত্রণায় ভরা মুখটা দেখে খুব খারাপ লাগল। এমনিতেই একটি চোট সম্পূর্ণভাবে সারেনি, এর মধ্যেই আবার চোটে পড়ল। এ যন্ত্রণা আরও বাড়তে পারে। সকালে উঠে পায়ের পাতা আরও ফুলে যেতে পারে, আপনি যতই বরফ লাগান না কেনো। নিশ্চয়ই সারা রাত সে বরফ লাগিয়েছে। প্রার্থনা করি যাতে হাড় না ভাঙে।’ পান্তের সার্বিক অবস্থা নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া সাবেক অধিনায়ক রিকি পন্টিংও। তিনি বলেন, ‘মাটিতেই পা ফেলতে পারছিল না। গলফ কার্ট আসার আগে মাটিতে ৬-৮ মিনিট গড়াগড়ি খেয়েছে। প্রথম ফোলাটা দেখে আমি বেশ চিন্তিত। আমি নিজে মেটাটারসালে চোট পেয়েছিলাম। ছোট ছোট হাড় ভেঙে গেলে খুব মুশকিল।’ ডাক্তারি পরিভাষায়, পান্তের ‘মেটাটারসাল ফ্র্যাকচার’ হবার সম্ভাবনাই বেশি। অর্থাৎ পায়ের পাতার পাঁচটি হারের যেকোনো একটিতে চিড় ধরেছে।
২০১৮’র আগস্টে এই ইংল্যান্ডের মাটিতেই অভিষেক হয় ঋষভ পান্তের। এখানে ২৪ ইনিংসে ৪৪.২৬ গড়ে তার রান ১০১৮। সেঞ্চুরি ও ফিফটি করেছেন সমান চারটি করে। ইংল্যান্ডে লাল বলের ক্যারিয়ারে আটশ’ রানও নেই আর কোনো সফরকারী উইকেটকিপার-ব্যাটারের। ২৩ ইনিংসে ৭৭৮ রান করে দুইয়ে ভারতেরই সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আরেকটি অনন্য কীর্তি গড়েছেন পান্ত। নিজ দেশের বাইরে নির্দিষ্ট কোনো দেশে টেস্টে হাজার রান করা প্রথম উইকেট-কিপার ব্যাটারও তিনি। এ তালিকার দ্বিতীয়জনও পান্ত। অস্ট্রেলিয়ায় ২১ ইনিংসে তার রান ৮৭৯।











































