Home খেলাধুলা চপলের ‘তীর-ধনুকে বাজিমাত’ এর প্রকাশনা উৎসব

চপলের ‘তীর-ধনুকে বাজিমাত’ এর প্রকাশনা উৎসব

12


স্পোর্টস রিপোর্টার।।
বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘তীর-ধনুকে বাজিমাত’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বলরুমে এই প্রকাশনা উৎসবে ভিন্ন মাত্রা দিয়েছে বিদেশি অতিথিদের উপস্থিতি। সাংবাদিক শামীম চৌধুরীর সম্পাদনায় বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। বইটি কাজী রাজীব উদ্দীন আহমেদের বর্ণাঢ্য জীবন এবং বাংলাদেশের আরচারি খেলার উত্থান ও প্রসারে তার অসামান্য অবদানের এক বিস্তারিত চিত্র তুলে ধরেছে। ‘তীর-ধনুকে বাজিমাত’ শুধুমাত্র তার ব্যক্তিগত স্মৃতিচারণ নয়, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে আরচারির ক্ষেত্রে একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক, লেখক, আরচারি ফেডারেশনের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা এবং আরচাররা উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড আরচারির মহাসচিব টম ডিলেন, ইরাক আরচারি ফেডারেশনের প্রেসিডেন্ট আল মাশাহাদানী সাদ, শ্রীলঙ্কার আরচারি এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সুনেত্রা সেনভিরাথনে। এছাড়া অন্যপ্রকাশ এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। বক্তারা কাজী রাজীব উদ্দীন আহমেদের নিরলস পরিশ্রম, দূরদর্শিতা এবং আরচারি খেলার প্রতি তাঁর গভীর ভালোবাসার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, তার হাত ধরেই বাংলাদেশ আরচারি বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ‘তীর-ধনুকে বাজিমাত’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরচারি ফেডারেশনের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, ‘চপল এত বেশি খ্যাতি সুনাম অর্জন করেছে যা বলে শেষ করা যাবে না। খেলার প্রতি তার আলাদা টান থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। সে শুধু একজন খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্বই নয় একজন সফল
ব্যবসায়ীও। বইটির দ্বিতীয় সংস্করণে আশা করব তার ব্যবসায়িক সফলতার কথাও উঠে আসবে। চপল ক্রীড়া জগতে বাংলাদেশের প্রতীক।’ কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমার সাথে যে ক্রীড়া পরিবার আছে আজ সেটা প্রমাণ হয়ে গিয়েছে। আমার প্রত্যাশার বাইরেও আজ অনেক কিছু হয়েছে। আমি আজ ধন্য। এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিদেশি বন্ধুরা অনুরোধ করেছেন। তাই আমার বইয়ের ইংরেজি সংস্করণ বের করার চেষ্টা করব।’