Home খেলাধুলা পাকিস্তান কোচের কাছে উইকেট গ্রহনযোগ্য নয়, ইমন বললেন ওরা মানিয়ে নিতে পারেনি

পাকিস্তান কোচের কাছে উইকেট গ্রহনযোগ্য নয়, ইমন বললেন ওরা মানিয়ে নিতে পারেনি

14


স্পোর্টস রিপোর্টার

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সবসময়ই আলোচনায় থাকে। স্বয়ং বাংলাদেশের ক্রিকেটাররাই এই মাঠের উইকেট নিয়ে দ্বিধায় থাকেন। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটাররাও এই উইকেটের ফাঁদে পড়েন। ম্যাচ শেষে এই উইকেট টি-টোয়েন্টির জন্য গ্রহনযোগ্য নয় বলে দাবি করেন পাকিস্তান হেড কোচ মাইক হেসন। তবে বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন মনে করেন উইকেট এত খারাপ ছিল না পাকিস্তানি ব্যাটাররাই এতে মানিয়ে নিতে পারেননি।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাত্র ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ১৫.৩ ওভারেই সেটা তাড়া করে ফেলে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারায় পাকিস্তান। এরপর বাকিরাও খুব বেশি সুবিধা করতে পারেননি।

ম্যাচ শেষে উইকেট প্রসঙ্গে হেসন বলেন, ‘আমি মনে করি, এটা কারো জন্যই আদর্শ নয়। দলগুলো এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। এটা গ্রহনযোগ্য নয়। তবে ব্যাট হাতে আমরা যেসব সিদ্ধান্ত নিয়েছি, তার জন্য এটা কোনো অজুহাত হতে পারে না। কিন্তু এই পিচ আন্তর্জাতিক মানের নয়।’

এর কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনে আসেন ৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলা ইমন। উইকেট প্রসঙ্গে পাকিস্তানের কোচের সঙ্গে মোটেও একমত নন ম্যাচসেরা এই ওপেনার। তিনি বলেন, ‘নাহ, এমন কিছু মনে হয়নি (উইকেট খারাপ কিনা)। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে। আমরা যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। তো আমার কাছে এমন কিছু মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারিনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।’

ইমন আরও বলেন, ‘বোলারদের জন্য মিরপুরের উইকেটে একটু বেনিফিট থাকে এটা নরম্যাল জিনিস। চেষ্টা করছি যত দ্রুত উইকেটটা অ্যাসেস করে সেট হওয়া যায়। এটা সবচেয়ে আগের প্ল্যানিং ছিল।’