স্পোর্টস রিপোর্টার।।
ইনিংসের চতুর্থ বল, শেখ মেহেদীকে সুইপ করতে গিয়ে আকাশে বল তুলে দেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। বেশ সময় পেলেও ফাইন লেগে সেটা হাতে জমাতে পারেননি তাসকিন আহমেদ। শুরুটা এমন হতাশার হলেও, এরপর বাংলাদেশের বোলাররা পুরো ইনিংস জুড়েই দাপট দেখালেন। আর পেসার মোস্তাফিজুর রহমান গড়লেন রেকর্ড। শ্রীলঙ্কায় সিরিজের শেষ ম্যাচেও এমন দাপট দেখান বাংলাদেশের বোলাররা। গতকাল মিরপুরেও জারি ছিল তা ।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০ মাস পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল। আর টি-টোয়েন্টিতে সেটি ১৩ মাস। পাকাপাকিভাবে অধিনায়কত্ব পাওয়ার পর টানা ৯ ম্যাচে টস হারেন লিটন কুমার দাস। অবশেষে ঘরের মাঠে এসেই টস ভাগ্য তার পক্ষে এলো। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিঙয়ে পাঠান লিটন। বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২ উইকেট নিতে খরচ করেন মাত্র ৬ রান। ১৮টি ডটবল। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশি কোনো বোলারের সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড। এর আগে গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ। এছাড়া গতকাল তাসকিন ৩টি আর মেহেদী ও সাকিব নেন ১টি করে উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এই তালিকার সাদ বিন জাফর ও লকি ফার্গুসন। পাপুয়া নিউগিনির বিপক্ষে চার ওভারে কোনো রান দিয়ে তিন উইকেট কিউই পেসার লকি। আর পানামার বিপক্ষে চার ওভারে স্পেলে কোনো রান দিয়ে দুই উইকেট য়োর কীর্তি কানাডার সাদের।
মিরপুরে ক্যাচ মিস দিয়ে শুরু করা ইনিংসের দ্বিতীয় ওভারেই আনন্দের উপলক্ষ এনে দেন তাসকিন আহমেদ। এই পেসারের পায়ের ওপরের বলকে ফাইন লেগে খেলেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব, সেটা ধরতে ভুল করেননি মোস্তাফিজুর রহমান। গত ১লা জুন লাহোরে ৪৬ বলে ১০৬ রান করে বাংলাদেশকে একাই হারিয়ে দেন মোহাম্মদ হারিস। সেই হারিসকে গতকাল ৪ রানে ফেরান শেখ মেহেদী। এই অফ স্পিনারের শর্ট বল উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন হারিস। পরের দুই ওভারে আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। চতুর্থ ওভারে তানজীম সাকিবকে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে লিটন কুমার দাসের গ্লাভসে ধরা পড়েন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। আর পাওয়ার প্লের শেষ ওভারে হাসান নাওয়াজকে ফিরিয়ে সফরকারীদের খাদের কিনারায় ঠেলে দেন মোস্তাফিজুর রহমান। পাওয়ার প্লেতেই ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দর্শকে ঠাসা গ্যালারিতে ততক্ষণে ‘বাংলাদেশ বাংলাদেশ’ রব উঠেছে।
২ ওভার পর রান আউট হন মোহাম্মদ নাওয়াজ। দুইবার জীবন পাওয়া ফখর জামান নিয়মিত বাউন্ডারি মেরে রানের চাকা সচল রাখছিলেন। ১২তম ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৪ রান। শেষ দিকে রানের গতি বাড়ান খুশদিল শাহ । রিশাদকে এক ওভারে মারেন দুই ছক্কা। প্রথম ৩ ওভারে মাত্র ৬ রান দেওয়া তানজিম হাসান সাকিবকেও মারেন দুই ছক্কা। মোস্তাফিজুর রহমান তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন বাংলাদেশ শিবিরে। এরপর দ্রুতই সফরকারীদের লেজ ছেঁটে ফেলেন তাসকিন।











































