Home খেলাধুলা আয়নায় নিজের মুখ দেখতে হবে, রাহুলকে সৌরভ

আয়নায় নিজের মুখ দেখতে হবে, রাহুলকে সৌরভ

16


স্পোর্টস ডেস্ক

বেশ কিছুদিন ধরেই অফ ফর্মে রয়েছেন লোকেশ রাহুল। যেখানে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থতার পর পরের দুই ম্যাচে সুযোগ পাননি এই ভারতীয় ব্যাটার। এরপর তার অস্ট্রেলিয়া সিরিজেও খেলা নিয়ে শঙ্কা জাগে। তবে প্রথম টেস্টে রোহিত শর্মা ও শুভমান গিল না থাকায় ওপেনিংয়ে দরজা খুলছে তার।

যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে টেস্টে রাহুলের নামার আগে তাকে আয়নায় মুখ দেখার পরামর্শ দিয়েছেন স্বদেশি কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী। মূলত চোট কাটিয়ে ফেরার পর মিডল অর্ডারে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হওয়াতেই তার প্রতি এমন মন্তব্য করেছেন সৌরভ।

বাজে খেলে কিউইদের বিপক্ষে জায়গা হারান একাদশ থেকে। তার স্থলাভিষিক্ত হয়ে দ্যুতি ছড়ান সরফরাজ খান। এদিকে আইপিএলে তাকে ধরে রাখেনি লক্ষ্নৌ সুপার জায়ান্টস। সবকিছু মিলিয়ে চাপেই আছেন রাহুল।

এদিকে সৌরভের মতে, চাপ কাটিয়ে ওঠার একমাত্র উপায় পরিশ্রম ও আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাসের জন্য আয়নার মুখোমুখি হতে হবে রাহুলকে।

ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘আত্মবিশ্বাসটাই আসল। ওর উচিত নিজের সঙ্গে কথা বলা। খেলায় উত্থান-পতন হতেই পারে। আত্মবিশ্বাসও বাড়ে-কমে। নেটে কঠোর পরিশ্রম করে তা ফিরিয়ে আনতে হবে। আয়নায় নিজের মুখ দেখতে হবে। বোঝাতে হবে তুমি পারবে। তবেই আত্মবিশ্বাস ফিরবে।’

তিনি আরও বলেন, ‘রাহুলকে লক্ষ্নৌ ছেড়ে দিয়েছে। এতে ওর চাপ আরও বেড়েছে। আমি জানি না, নিলামে লক্ষ্নৌ ওকে আবার নেবে কি না। তবে রাহুল দল নিশ্চয়-ই পাবে।’