স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১১ বছর আগে ম্যাচ ফিক্সিং কাণ্ডে কলঙ্কিত হয়েছিল। যেখানে সেই ঘটনায় যে তিন ক্রিকেটারের নাম জড়িয়েছিল তাদের একজন অজিত চান্ডিলা। এবার তিনি জানালেন, জেলে বন্দী থাকার সময় ভাইকে হারিয়েছিলেন। পরে আত্মহত্যাও করতে চেয়েছিলেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের কথা তুলে ধরেছেন চান্ডিলা। যেখানে ম্যাচ গড়াপেটার পর চান্ডিলা ছাড়াও শ্রীশান্ত ও অঙ্কিত চৌহানকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। পরে শ্রীশান্তের শাস্তি কমানো হয়। তিনি ক্রিকেটেও ফেরেন।
এক পডকাস্টে চান্ডিলা বলেন, ‘যা-ই হয়ে থাক, ওই সময়ের কথা মনে পড়লেই খুব কষ্ট হয়। গোটা বিশ্ব জানে যে কিছুই হয়নি। ওই ঘটনায় জড়িত থাকলে আজ আপনার সামনে বসে কথা বলতে পারতাম না। সম্প্রতি একটা লিগে খেলেছি। আমার ওপর আস্থা রাখার জন্য ওদের ধন্যবাদ। ওরা আমাকে জীবনে ফিরিয়ে এনেছে। ১১ বছর পর ক্রিকেট খেলেছি। আইপিএলের ওই সময়টা দুঃস্বপ্নের মতো। কখনো মনে রাখতে চাই না।’
এদিকে সেই ঘটনায় চান্ডিলা এতটাই দুঃখ পেয়েছিলেন যে নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘পরিবার আমাকে শান্ত রেখেছিল। না হলে হয়তো নিজেকে শেষ করে দিতাম। জেলে থাকার সময় আমার ভাইয়ের মৃত্যু হয়। কেউ আমাকে জানায়নি। মৃত্যুর আগে ওর সঙ্গে আমার দেখা হয়নি। মাত্র দু’দিনের জন্য বাড়ি ফিরতে পেরেছিলাম। সব শেষ হয়ে গিয়েছিল। আমি দোষী নই সেটা বার বার বোঝানোর চেষ্টা করেছিলাম। তাতেও কাজ হয়নি।’











































