বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করেছে। সব সময় সাধারণ মানুষের পাশে থাকছে। সাধারণ মানুষের জন্য কাজ করছে। আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে। এজন্য আগামী দিনে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না।
সোমবার বিকালে বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ঈদ উপহার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হেলাল বলেন, বিএনপি সরকারের পতন ঘটাতে চায়। উৎখাত করবে বলে অনেক কথাই বলে থাকে, কিন্তু মানুষের অসুবিধার সময় তারা পাশে দাঁড়ায় না।
করোনাকালীন ও দক্ষিণাঞ্চলে বন্যার সময় মানুষের পাশে দাঁড়ায়নি বিএনপি; মানুষ যখন ভোগান্তিতে থাকে তখন তাদের খুঁজে পাওয়া যায় না বলে অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, পুলিশ সুপার কেএম আরিফুল হক, সাবেক এমপি হেপী বড়াল, উপজেলা চেয়ারম্যান অশোক বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান বাবুল হোসেন, সাধারণ সম্পাদক পিযূষ কান্তি রায় প্রমুখ।
পরে শেখ হেলাল নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, পাঁচ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ, ৫০ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫০ হাজার টাকার অনুদানের চেক এবং ১০০ জনকে পাঁচ হাজার করে টাকা দেন।











































