Home আঞ্চলিক অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

11

স্টাফ রিপোর্টার।।
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বিভিন্ন অভিযোগে খুলনায় দুটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত নগরীর খালিশপুরে এই অভিযান চালানো হয়।

অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব জানান, মঙ্গলবার খালিশপুর বিআইডিসি রোড ও হার্ডবোর্ড মিল গেট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও লাচ্ছা সেমাই তৈরি, প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদিত লাচ্ছা সেমাই এর মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করায় মেসার্স ভূঁইয়া ফুড ইন্ডাস্ট্রিজ ও হাসেম ফুড প্রোডাক্টসকে ১২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব, খুলনা-এর সদস্য জেড এন সুমন।