স্টাফ রিপোর্টার।।
অতীতে খুলনার খরশ্রোতা নদীগুলোর মধ্যে রূপসার আঠারোবেকি নদী ছিল অন্যতম, যা ধীরে ধীরে বছরের পর বছর ধরে দখলদারদের কবলে পড়ে। বর্তমানে আঠারোবেকি নদীর রূপসা রামনগর-রহিমনগরের তীরবর্তী অধিকাংশ এলাকা দখলদারদের কবলে রয়েছে। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ থাকলেও দখলদারদের ভয়ে মুখ খুলছেন না তারা। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানিয়েছেন, অভিযোগের প্রমাণিত হলে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, জলবায়ু পরিবর্তন ফান্ডের আওতায় ২০১৩ সালের ২৩ মে ১৮ কোটি টাকা ব্যয়ে রূপসা উপজেলায় ২টি এবং দাকোপ উপজেলায় একটি কাজ বাস্তবায়নের প্রকল্প গ্রহণ করা হয়। এরমধ্যে আঠারোবেকি নদীর তীর সংলগ্ন এলাকা সংরক্ষণে এক কিলোমিটার সংস্কার ও ব্লক স্থাপনের প্রকল্পটি রয়েছে। ২০১৫ সালে প্রকল্পের কাজ শুরু করে বাপাউবো, ২০১৬ সালের জুন মাসে যা শেষ হয়।
ব্লক স্থাপনের পর থেকেই ধীরে ধীরে পলি জমতে শুরু করে, আঠারোবেকির মেঝের খেয়া ঘাটের পশ্চিম তীরে পলিপড়ে নদীর তীর জাগতেই সেখানে লোলুপ দৃষ্টিপড়ে দখলদারদের। ২০১৮ সালে নদীর পাড় দখলকে কেন্দ্র করে প্রভাবশালীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরবর্তীতে পরিকল্পিত ভাবে শুরু হয় পাড় দখলের কাজ। প্রথমে মাটি ফেলে পরে ইটের গাথুনি দিয়ে চলছে ভবন নির্মাণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পাড় দখল করে গড়ে উঠেছে ইমারত। কেউ আবার মাটি ভরাট করে খুঁটি গেঁড়ে তুলছেন দোকান। স্থানীয় সুত্র জানায়, রহিমনগরের ফজলু সরদার ও রামনগরের জামাল শেখের নেতৃত্বে চলছে এই দখল উৎসব।
স্থানীয় সুত্র জানায়, নদীর পাড়ের এই জমির মালিক গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ আকবর আলী। তিনি ১৯৯৫ সালের দিকে জনৈক হিন্দু মহিলার কাছ থেকে জমি ক্রয় করেন। পরে সেখান থেকে ৫০ শতাংশ জমি গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়কে দান করে। পরবর্তীতে জমি নদীগর্ভে চলে যায়। এখন সেই জমি অবৈধ ভাবে দখল চলছে।
অভিযুক্ত রহিমনগরের ফজলু সরদার বলেন, আমরা নদীর কোন জমি দখল করিনি, যেখানে ভবন নির্মাণ করতেছি, তার কাগজ রয়েছে আমার কাছে। ওটা আমারই জমি।
নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল জানান, সম্প্রতি দখলের বিষয়ে আমার জানা নেই। তবে এ ধরণের দখলের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম।
রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন এ প্রতিবেদক কে জানান, নদীর খাস জমি কারো দখল করার এখতিয়ার নেই। কেউ যদি দখল করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন ও বাপাউবো উপ-বিভাগীয় প্রকৌশলি কৃষ্ণপদ দাস এ প্রতিবেদককে বলেন, আমরা তদন্ত করবো। জমির জায়গায় দখলের সত্যত্যা মিললে ব্যবস্থা নেয়া হবে।











































