খুলনাঞ্চল রিপোর্ট।।
নাটোরের বাগাতিপাড়ায় চাঁদা দাবি করে থানায় আটকে রেখে মারধরের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুই উপপরিদর্শকসহ (এসআই) পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন এক কাঠ ব্যবসায়ী।
মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়া আমলি আদালতে মামলাটির আবেদন করেন কাঠ ব্যবসায়ী নিজাম উদ্দিন। বিচারক মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাগাতিপাড়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল করিমের স্ত্রী অঞ্জনা বেগম বাৎসরিক ভাড়ায় নিজাম উদ্দিনের কাছে দুটি পাওয়ার টিলার ইজারা দেন। পাওয়ার টিলারটির বৈধ কাগজপত্র না থাকায় কাঠ পরিবহনের সময় নিজাম বারবার হয়রানির শিকার হচ্ছিলেন। এক বছর পর তিনি পাওয়ার টিলারটি অঞ্জনাকে ফেরত দেন এবং ১৫ হাজার বাকি রেখে সব ভাড়া পরিশোধ করে দেন।
অভিযোগে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি অঞ্জনা বেগমের পক্ষ নিয়ে বাগাতিপাড়া থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা নিজামকে থানায় ডেকে নিয়ে আটকে রাখেন। একপর্যায়ে মারধর করে তাকে দিয়ে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ১ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করতে হবে মর্মে সই করিয়ে নেন। টাকা না দিতে পারলে তারা ২৫ ও ২৭ মার্চ তাকে ফের আটক করে প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় উপজেলার যোগীপাড়া গ্রামের কাঠ ব্যবসায়ী নিজাম উদ্দিন মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে মামলা করেন। মামলায় বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম, দুই উপপরিদর্শক রবিউল ইসলাম ও শাকিল আহমেদ, সহকারী উপপরিদর্শক আবদুল করিমের স্ত্রী অঞ্জনা বেগম ও তার বাসার তত্ত্বাবধায়ক আবুল বাসারকে অভিযুক্ত করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী রাজু আহমেদ জানান, আদালত অভিযোগটি গ্রহণ করে পিবিআইয়ের পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে।
জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পাওয়ার টিলারের ভাড়া নিয়ে আমার কাছে অভিযোগ এলে আমি মীমাংসার চেষ্টা করেছিলাম। নিজাম উদ্দিনের কাছে টাকা দাবি বা তাকে হয়রানির কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। মামলার বিষয়েও আমার কিছু জানা নেই।











































