খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, গ্লোবাল ন্যাচার ফান্ড এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘হেলদি ম্যানগ্রোভস এন্ড সাসটেইনেবল ফিশারিজ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে দক্ষিণ এশীয় উপকূলীয় সম্পদ আহরণ, উন্নয়ন ও সংরক্ষণে গবেষণা জোরদারসহ সমন্বিত উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ করা হয়েছে। একই সাথে নির্ভরশীল জনগণের জীবন-জীবিকা এবং জলবায়ুগত পরিবর্তন, পরিবেশ ও প্রতিবেশের অভিঘাত সহনীয় অভিযোজন উপায় উদ্ভাবনে বিশেষ দিকে গবেষণার তাগিদ দেওয়া হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, এই সিম্পোজিয়ামে গবেষণা নিবন্ধ উপস্থাপিত হয়েছে এবং দেশ-বিদেশের গবেষক, বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা যে আলোচনা করেছেন তাতে নানামুখী সমস্যা ও সম্ভাবনার কথা উঠে এসেছে। দক্ষিণ এশীয় উপকূলীয় অঞ্চল ম্যানগ্রোভ ও মাৎস্য সম্পদে বৈচিত্র্যময় যেখানে পরিবেশ ও প্রতিবেশও নিয়ন্ত্রিত হয়। এই সিম্পোজিয়ামের ফাইন্ডিংস ও সুপারিশ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি সংস্থা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় তার একাডেমিক কার্যক্রমে উপকূলীয় সম্পদের বিষয়ে যথাযথ গুরুত্ব দিয়ে থাকে এবং এই সিম্পোজিয়াম বিশেষত শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধিসহ নতুন নতুন গবেষণার দিক উন্মোচন করবে। তিনি সফলভাবে সিম্পোজিয়াম সম্পন্ন করায় আয়োজকদের, অর্থায়নকারী জিএনএফ এবং দেশ বিদেশের অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সেমিনার সিম্পাজিয়াম অনুষ্ঠানের পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বরোপ করেন। তিনি বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ করে তরুণ গ্রাজুয়েট ও শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড লাভে সন্তোষ প্রকাশ করেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার। ধন্যবাদ জ্ঞাপন করেন ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর ম্যানেজার। এ সিম্পোজিয়ামে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক এবং উন্নয়ন বিশেষজ্ঞগণ সশরীরে অংশগ্রহণ করেন। এছাড়া স্পেন, যুক্তরাজ্য ও থাইল্যান্ডের গবেষকবৃন্দ সিম্পোজিয়ামে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সিম্পোজিয়ামে শতাধিক গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়। সিম্পোজিয়ামে ৫ জনকে বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আগামীকাল ০৩ মার্চ (শুক্রবার) এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীদের নিয়ে সুন্দরবনের উপকূলীয় এলাকায় ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হবে।
সুন্দরবন নিয়ে গবেষণায় আগত অস্ট্রেলিয়ান
টিমকে খুবি উপাচার্যের ক্রেস্ট প্রদান
সুন্দরবন নিয়ে গবেষণায় আগ্রহী তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ ০২ মার্চ (বৃহস্পতিবার) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে উপাচার্যকে তাঁদেরকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির প্রফেসর ড. নরম্যান সি ডিউক, অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চের প্রতিনিধি ড. নোরা ডেভো এবং ড. জাকির হোসেন।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনেও এই তিন গবেষক অংশগ্রহণ করেন।
নানা আয়োজনে উৎসবমুখর ক্যাম্পাস
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের
রজতজয়ন্তী ও পুনর্মিলনী আগামীকাল
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিন দেশ-বিদেশে শিক্ষা ও গবেষণায় ব্যাপক সুনাম ও সুখ্যাতি স্থাপনের মাধ্যমে পূর্ণ করছে গৌরবের ২৫ বছর। এ উপলক্ষ্যে আগামীকাল ৩ মার্চ (শুক্রবার) আয়োজন করা হয়েছে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের। এদিন সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির সূচনা হবে। সকাল ১১টায় রয়েছে আলোচনা অনুষ্ঠান এবং বিকেলে সাংস্কৃতিক পর্ব।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশে ঔষধ শিল্প ও সহায়ক প্রতিষ্ঠানের খ্যাতনামা ব্যক্তিত্ব, শিল্পোদ্যোক্তা বিকন মেডিকেয়ারের চেয়ারম্যান এবং বিকন ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ এবাদুল করিম, এমপি। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন।
দেশে ওষুধ শিল্পে সবিশেষ অবদান রাখার জন্য ফার্মেসী ডিসিপ্লিনের পক্ষ থেকে বিকন মেডিকেয়ারের চেয়ারম্যান এবং বিকন ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ এবাদুল করিম, এমপিকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এছাড়া ফার্মেসী ডিসিপ্লিনের সাথে শিক্ষা ও গবেষণায় উক্ত প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।
দেশের মধ্যে ৪র্থ বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৯৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী ডিসিপ্লিন চালু হয়। ডিসিপ্লিন থেকে এ পর্যন্ত ২১টি ব্যাচে প্রায় এক হাজার গ্রাজুয়েট বের হয়েছে যারা দেশ-বিদেশে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন। ডিসিপ্লিনটি প্রতিষ্ঠার পর থেকে দেশে মানসম্পন্ন ফার্মাসিস্ট তৈরি এবং গবেষণায় উৎকর্ষ অর্জনে সবিশেষ অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। এদিকে ফার্মেসী ডিসিপ্লিনের রজতজয়ন্তী ও পুনর্মিলনীকে সামনে রেখে ক্যাম্পাস হয়ে উঠেছে উৎসবমুখর। দেশ-বিদেশ থেকে গ্রাজুয়েটরা ইতোমধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন।
খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ০২ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের মিলনায়তন ‘উঠান’ এ অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. রাশেদুর রহমান। আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. ফারজানা নাহিদ ও সহকারী অধ্যাপক মো. সালাহউদ্দিন মিনা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১৮ ব্যাচের মনোয়ারা বীথি, নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আতিকুল ইসলাম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে নবীনবরণ উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।











































