স্টাফ রিপোটার,বাগেরহাট।।
বাগেরহাটে নাশকতার মামলায় গ্রেফতার বিএনপির ৩০ নেতাকর্মীর মধ্যে ৬নেতাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে পুলিশের রিমান্ড আবেদন না মঞ্জুর করে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ বিলাল হোসেন এই আদেশ দেন।
এর আগে ২৫ ফেব্রুয়ারি সকালে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের মুনিগঞ্জ বাড়ি ও শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা কারাগারে রয়েছেন তারা।
এদিকে নেতাদের কারাগার থেকে আদালতে নিয়ে আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গনে ভীড় জমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রিজন ভ্যানে থাকা নেতাদের সমবেদনা প্রকাশ করেন কর্মীরা।
বিএনপির আইনজীবী মোশাররফ হোসেন মন্টু বলেন, পুলিশ আটক ৩০ নেতাকর্মীর মধ্যে ৬জনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত রিমান্ড না মঞ্জুর করে কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, শাহেদ আলী রবিসহ ৬জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।











































