স্টাফ রিপোর্টার।।
খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাাহর ওপর হামলাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।বৃহস্পতিবার (০২ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের (বিএমএ) জরুরী সভা শেষে এই ঘোষণা দেন সংগঠনের জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
এদিকে, ডা. নিশাত আব্দুল্লাাহর দায়েরকৃত মামলায় সাতক্ষীরা সদর থানা থেকে এ এস আই নাঈমুজ্জামান শেখ কে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বুধবার রাতে সাতক্ষীরা পুলিশ সুপার এ সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাংগা থানার ওসি মো.মমতাজুল হক।
অপরদিকে, শ্লীলতাহানির ও স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির দায়ে ডা. নিশাত আব্দুল্লাাহর বিচার দাবি করেছেন ভুক্তভোগী নুসরাত আরা ময়না। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দেড়টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান। এছাড়াও মানবাধিকার সংগঠনগুলোকে তাদের অসহায় পরিবারের পাশে থাকার অনুরোধ জানান তিনি।
জরুরী সভা শেষে বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামী গ্রেফতার এবং ডাক্তারের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না হাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আগামী শনিবার (০৪ মার্চ) শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় খুলনা বিএমএ ভবনে কার্যনির্বাহী কমিটির জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ডা. বাহারুল আরও বলেন, আমরা শুধু কর্মস্থলের নিরাপত্তাটুকু চেয়েছি। আজকের দীর্ঘ প্রায় চার ঘণ্টার বৈঠকে চিকিৎসকরা শনিবার সাধারণ সভা ডেকেছেন। সেখানে চিকিৎসকদের গণপদত্যাগের একটি সিদ্ধান্ত চলে আসতে পারে। কারণ আমি পদে থেকে আর কতদিন নিবৃত থাকব।
এর আগে বৃহস্পতিবার ভোর থেকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন চিকিৎকরা। বৃহস্পতিবারও হাসপাতালে যাননি কোনো চিকিৎসক। টানা দুই দিন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসক না থাকায় অবর্ণীয় দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা।
অপরদিকে শ্লীলতাহানির ও ভুল চিকিৎসার অভিযোগ এনে এএসআই নাঈমুজ্জামান শেখ এর স্ত্রী নুসরাত আরা ময়না বলেন, ডা. নিশাত আব্দুল্লাাহর আমার স্বামীর বিরুদ্ধে ২৫ ফেব্রয়ারি রাতে যে এজাহার দায়ের করেন তাতে রাত ১০টায় এবং ডা. বাহার সংবাদ সম্মেলনে রাত ১টায় হামলা ও ভাঙচুরের কথা উল্লেখ করেছেন। কিন্তু আমার কাছে রাত ১১টা ৫৪ মিনিটের ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ রয়েছে। যেখানে দেখা যাচ্ছে নিশাত আব্দুল্লাাহ সম্পূর্ণ সুস্থ এবং ওটি ভাঙচুরের কোনো আলামত নেই। আমার প্রশ্ন কখন মারধর ও ভাঙচুর হলো?
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে হয়রানি করা হচ্ছে। আমার মেয়েকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। ফলে আমার মেয়ের হাতের যে অবনতি হচ্ছে এর দায়ভার কে নেবে? শুধু আমার মেয়ে নয়, গুটি কয়েক চিকিৎসক কর্মবিরতি দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা না দিয়ে তাদের জীবন নিয়ে যে ছেলেখেলা করছেন তার দায়ভার কে নেবে?
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নুসরাত আরা ময়না বলেন, মেয়ে যেন অতি দ্রুত সুচিকিৎসা পায়, সে ব্যবস্থা করা হোক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএমএর কর্মকর্তারা শুধুমাত্র এক পক্ষের অভিযোগের ভিত্তিতেই যে কর্মবিরতি পালন করছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক ও রাষ্ট্রীয় আচার-আচরণের পরিপন্থী। আমার শ্লীলতাহানির ও স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির জন্য ডা. নিশাত আব্দুল্লাহর কঠোর বিচার দাবি করছি।
নুসরাত আরা ময়না বলেন, গত ২০ জানুয়ারি ডা. নিশাত আব্দুল্লাহর যখন জানতে পারলেন যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আমার, তখন থেকে মেসেজ ও কল দেওয়া শুরু করেন।
তিনি বলেন, ওই দিন (২৫ ফেব্রয়ারি) রাতে ভাঙচুর অথবা চিকিৎসককে মারধরের কোনো ঘটনা ঘটেনি। বরং আমার স্বামীকে মারধর করেছে।
প্রসঙ্গত, ডা. নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এতে করে সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দূর দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা নিতে না পেরে ফিরে যাচ্ছেন। হাসপাতালে ভর্তি রোগীরাও সেবা পাচ্ছেন না।











































