মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মহান বিজয় দিবসের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সুন্দরবনে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১২শ’র অধিক পর্যটকদের সমাগম ঘটে শুধু করমজলে। বনের সবচেয়ে কাছাকাছি ও আর্কষণীয় স্পট হওয়াতে এ কেন্দ্রটিতে লোক সমাগম বেশি হয়ে থাকে বলে জানিয়েছেন বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, একদিকে ১৬ ডিসেম্বরের ছুটি অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই শুক্রবার পর্যটকের সংখ্যা বেড়েছে। আগত দর্শনার্থীদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী, যাদের অধিকাংশ এসেছেন পরিবারসহ। অফিস আদালত বন্ধ থাকায় বিভিন্ন জায়গা থেকে সরকারী চাকুরীজীবিরাও এসেছেন সহকর্মী ও পরিবার-পরিজন নিয়ে। এসেছেন মোংলাসহ আশপাশ এলাকার লোকজনও। গত সপ্তাহ জুড়ে আসা পর্যটক সংখ্যার রেকর্ড করেছে শুক্রবার। শুক্রবারই প্রায় ১২শ’র অধিক পর্যটক এসেছেন করমজলে। এর আগে বৃহস্পতিবার এ কেন্দ্রে পর্যটক আসে দেড়শ থেকে দুইশত। আগের শুক্রবার লোক হয়েছিলো ৪শ’র মত। তবে শনিবারও বন্ধের দিন থাকায় এদিনও লোক সমাগম ভাল হবে বলে আশাবাদী বনবিভাগ।
করমজল ছাড়াও বনের হাড়বাড়ীয়া, হিরণপয়েন্ট-নীলকমল, কটকা, কচিখালী ও দুবলার চরে পর্যটক সমাগম ঘটেছে। এসব জায়গায় গিয়েছেন লঞ্চে তিন দিনের প্যাকেজে দর্শনার্থীরা।
ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন’র সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড বলেন, শুক্রবার দিনভর ৫০টির মত ছোট-বড়-মাঝারি লঞ্চ পর্যটক নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করেছেন। এ লঞ্চগুলোতে প্রায় ২ হাজার পর্যটক তিনদিনের প্যাকেজে সুন্দরবন ভ্রমণে গেছেন। মুলত বিজয় দিবসের ছুটিতে এত বেশি সংখ্যক লোকের আগমন ঘটেছে। তিনি বলেন, সামনের দিনগুলোতেও পর্যটকের সংখ্যা বাড়তে থাকবে, কারণ শীতকালই হলো মুলত পর্যটন মৌসুম। এই সময়টাতে সাগর ও নদীর পানি ঠান্ডা থাকে সেই সাথে ঝড় বৃষ্টি না থাকায় পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করে থাকেন। এই সময়েও ঘূর্ণিঝড়ের আশংকা থাকে, যদি তেমন কোন ঝড়-ঝাপটা না হয় তাহলে পর্যটকদের আনাগোনায় সরগরম থাকবে এ শীত মৌসুম।











































