স্টাফ রিপোর্টার।।
খুলনায় বাসের ধাক্কায় হাফেজ মো. শরিফুল ইসলাম (২৩) ও মসজিদের মুয়াজ্জিন মো. বেলাল হোসেন (২৪) নিহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে বেপরোয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গাড়িচাপায় তারা নিহত হন। ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
রাজবাঁধ নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন হাফেজ শরিফুল ইসলাম ও রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন মো. বেলাল হোসেন।
নিহত হাফেজ শরিফুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামের মো. কাওছার হোসেনের ছেলে এবং বেল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।
স্থানীয়রা বলেন, নিহতরা রাজবাঁধের ভেতর থেকে মেইন রোডে মোটরসাইকেলে উঠছিল। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গাড়ি সাতক্ষীরার দিক থেকে খুলনার দিকে আসছিল। মোটরসাইকেল নিয়ে তারা রাস্তার সাইটে ছিল কিন্তু পরিবহণের গাড়ি রাস্তার সাইটে এসে মোটরসাইকেলচাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থানেই শরিফুল ও বেলাল নিহত হন।
নুরুল হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় একটি ট্রাক খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। সেই ট্রাক ক্রস করার সময় বাসটি তাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে চলে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল ও হেলমেট ভেঙে চুরমার হয়ে যায়। বাস ও ট্রাক দুটি ছিল বেপরোয়া গতিতে।
আয়েশা জামে মসজিদের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম বলেন, মুয়াজ্জিন বেলাল হোসেনের কিছু দিন আগে একটা চাকরি হয়েছে। সে জন্য গাড়ি চালানো শিখতে বাইতুল মামুর জামে মসজিদের ইমামের মোটরসাইকেল নিয়ে শরিফুল ইসলাম ও বেলাল হোসেন সকালে যাচ্ছিলেন। শরিফুল ইসলাম মোটরসাইকেল চালাচ্ছিল তার পেছনে ছিল বেলাল হোসেন। টুঙ্গিপাড়া পরিবহণ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
হরিণটানা থানার ওসি মো. এমদাদুল হক বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস জব্দ করা যায়নি।











































