কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টা, দফায় দফায় কুপ্রস্তাব ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ করেছেন এক ছাত্রলীগ নেত্রী।
ওই তরুণীর অভিযোগ, ছাত্রলীগ সাধারণ সম্পাদকের অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবে রাজি না হওয়ায় তার ব্যক্তিগত কিছু ছবি ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়েছে। ওই অভিযোগপত্রে আরও ৩ ছাত্রলীগ নেতাকর্মীর নামও উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী সোমবার দুপুরে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগের ওই কপিতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছাড়া আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- কুষ্টিয়া শহরের পিয়ারাতলা এলাকার সোহেল রানার ছেলে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ফারদিন সৃষ্টি, জেলা ছাত্রলীগের সদস্য একই এলাকার হৃদয় ও ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহচর মোহাইমিনুল মিরাজ।
অভিযোগকারী ওই তরুণীর (১৯) বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক। তিনি চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা ওই অভিযোগপত্রে ছাত্রলীগ নেত্রী উল্লেখ করেন, কুষ্টিয়া ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করতাম এবং একপর্যায়ে তিনি আমাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবসহ শ্লীলতাহানির চেষ্টা করায় প্রায় এক মাস যাবত তার কাছ থেকে সরে আসি। আমি সরে আসার পর থেকেই চ্যালেঞ্জসহ অন্য আসামিরা আমাকে রাস্তা-ঘাটে বিভিন্ন আজেবাজে কথাবার্তাসহ আমাকে ফলো করে। চ্যালেঞ্জের নির্দেশে ‘আখি খাতুন’ নামে একটি ফেক আইডি খুলে আমার ছবি এডিট করে আমার পার্সোনাল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে এবং বিভিন্ন আজেবাজে কথাবার্তা পোস্ট করে। পরবর্তীতে আমি তাদের এ ধরনের কার্যকলাপ করতে নিষেধ করলে আসামিরা আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
অভিযোগে ছাত্রলীগ নেত্রী আরও অভিযোগ করেন, চ্যালেঞ্জ আরও বলেছে- ‘যদি আমার প্রস্তাবে রাজি না হস তাহলে তোর অসুবিধা আছে’। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। গত ১৭ সেপ্টেম্বর ৩নং আসামি মোহাইমিনুল মিরাজের সঙ্গে কুষ্টিয়া সদর হাসপাতালে দেখা হলে আমাকে হুমকি দিয়ে বলে- এখনো ছবি ভাইরালের কিছুই হয়নি, আরও হবে। ওই আসামিরা যে কোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে উল্লেখ করে ওসির কাছে আইনগত সহায়তা চান ওই তরুণী।
এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, সোমবার দুপুরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে সশরীরে দেখা করে লিখিত অভিযোগপত্রটি জমা দিয়ে এসেছি।
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ অভিযুক্তরা তার জীবনকে ইতোমধ্যেই দুর্বিষহ করে তুলেছে। আমার পার্সোনাল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার এবং আমার পরিবারের মান-সম্মান চরমভাবে ক্ষুণ্ণ করেছে। আমি তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জ বলেন, এ ধরনের অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না। এখন পর্যন্ত তাকে এ বিষয়ে কেউ কোনো কিছু জানায়নি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক বলেন, এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না।
অভিযোগের বিষয়ে জানতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের অফিশিয়াল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, অভিযোগ নিয়ে এক তরুণী প্রথমে তার কাছে আসেন এবং পরে অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেন। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো বিষয় নিয়ে সম্ভবত তাদের মধ্যে ঝামেলা হয়ে থাকতে পারে।











































