স্টাফ রিপোর্টার||
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কক্ষ বরাদ্দকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে সহকারি রেজিস্টার নিমাই চন্দ্র মিস্ত্রি দোলনের দরজা আটকে অবরুদ্ধ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা। দোলা স্থানীয় সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের বোনের মেয়ে।
রবিবার সকাল সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সহকারী রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি দোলন প্রতিদিনের মতো রবিবার সকালে নিজ দপ্তরে কাজ করছিলেন। সকাল সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা দপ্তরের সামনে এসে তাঁকে (দোলন) বের হয়ে যেতে বলেন। কিন্তু তিনি বাইরে না এলে দোলা আকষ্মিক কক্ষের দরজা বন্ধ করে সিটকিনি আটকে দেন। এতে দোলন পৌনে দু’ঘন্টা অবরুদ্ধ ছিলেন। পরে রেজিস্টার কার্যালয়ের সহায়তায় বেলা ১১টার দিকে তিনি মুক্ত হন।
ভুক্তভোগী সহকারী রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি দোলন বিষয়টি স্বীকার করে বলেন, ‘সেকশন অফিসার দোলা সকালে দপ্তরের সামনে এসে কক্ষ থেকে বের হতে বলেন। আমি তাঁকে কক্ষে বসে কথা বলার অনুরোধ জানান। কিন্তু তিনি উল্টো সিটকিনি আটকে রাখে। পরে রেজিস্টার দপ্তরের লোকজন দরজা খুলে মুক্ত করেন।’ নিমাই চন্দ্র বলেন, কী কারণে ঘটনাটি ঘটেছে বুঝতে পারছি না।
সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস দোলা জানান, সদ্য বিদায়ী উপাচার্যের সিদ্ধান্ত অনুযায়ী ওই কক্ষটি তাঁকে বরাদ্দ দেওয়ার কথা ছিল। মাতৃত্বকালিন ছুটিতে থাকায় কক্ষটি নিতে পারেননি। কক্ষটি সহকারী রেজিস্ট্রারকে দেয়া হয়। রবিবার সকালে অফিসে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে সহকারী রেজিস্ট্রারকে কক্ষ থেকে বের হতে বলেন। উপাচার্যের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য তাঁকে ডেকেছিলেন। কিন্তু তিনি কক্ষ বের না হওয়ায় রেগে সিটকিনি দিয়ে দেন।
এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্টার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৪ আগস্ট সন্ধ্যায় নগরীর দৌলতপুরের আনঞ্জুমান রোডের বাড়িতে অভিযান চালিয়ে শ্রম প্রতিমন্ত্রীর ভাগ্নে মো. আরিফুজ্জামান রূপম (২৪) কে ১৮ পিস ইয়াবাসহ জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গ্রেপ্তার করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা তাকে ৫ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। রূপম শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের মেজো বোন নার্গিস বেগমের ছেলে।











































