রূপসা প্রতিনিধি।।
খুলনার রূপসা নদী থেকে বজ্রপাতে নিহত মতি শিকদার (৪৫) নামে এক ট্রলার মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে লবণচরা থানার আলুতলার দশগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মতি শিকদার পূর্ব রূপসার রেল মসজিদ পার্শ্ববর্তী মাঝি পাড়ার সলেমান শিকদারের ছেলে। রূপসা ঘাট মাঝি সংঘের সভাপতি রেজা ব্যাপারী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার (১৫ জুন) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ট্রলার মাঝি মতি শিকদার পূর্ব রূপসা ঘাট থেকে ট্রলারে ১৭ জন যাত্রী নিয়ে পশ্চিম রূপসা ঘাটের দিকে যাচ্ছিলো। এ সময় ট্রলারের নিকটে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এসময় ট্রলার মাঝিসহ বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। এদের মধ্যে অন্যান্য যাত্রীদের উদ্ধার করা হলেও মতি শিকদারের সন্ধান মেলেনি। আজ রাতে খুলনার লবণচরা থানার আলুতলার দশগেট এলাকা থেকে শংকর জেলের জালে আটকা পড়ার পর মরদেহটি উদ্ধার করা হয়েছে।











































