Home আঞ্চলিক অভিনব কায়দায় দোয়া চাওয়া পাঁচ শিক্ষার্থীর ফেস্টুন ভাইরাল

অভিনব কায়দায় দোয়া চাওয়া পাঁচ শিক্ষার্থীর ফেস্টুন ভাইরাল

10
অভিনব কায়দায় দোয়া চাওয়া পাঁচ শিক্ষার্থীর ফেস্টুন ভাইরাল

খুলনাঞ্চল রিপোর্ট।।

অভিনব কায়দায় ফেস্টুন টাঙিয়ে এসএসসি পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন পাবনার পাঁচ শিক্ষার্থী। মাশরাফি, সাহেদ, নাহিদ, রাফিদ ও সামি নামের শিক্ষার্থীদের ফেস্টুনের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

শিক্ষার্থীদের দাবি, ভাইরাল হওয়ার জন্য তারা এ কাজ করেননি। পরীক্ষার প্রস্তুতির সঙ্গে ভাগ্যের কথা ভেবে সবার দোয়া চেয়েছেন তারা। বিষয়টিকে ইতিবাচক ও সৃজনশীলতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্কুলের শিক্ষকসহ পরিচালনা পর্ষদ।

ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার বেড়া উপজেলার ব্যস্ততম কাশিনাথপুর মোড়ে অবস্থিত কাশিনাথপুর বিজ্ঞান স্কুল। এই স্কুলেরই বিজ্ঞান বিভাগের পাঁচ শিক্ষার্থীর সবার বয়স ১৬ বছর। সহপাঠীর পাশাপাশি পরস্পরের খুব ভালো বন্ধু তারা। সপ্তম শ্রেণি থেকে ওই স্কুলে পড়াশোনা করছেন। আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। আসন্ন এসএসসি পরীক্ষার জন্য দোয়া চেয়ে নিজেদের নাম দিয়ে ফেস্টুন টাঙিয়েছিলেন ওই পাঁচ শিক্ষার্থী। ওই ফেস্টুনের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নেতিবাচক আর ইতিবাচক মন্তব্যে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

ভাইরাল হওয়া শিক্ষার্থীরা হলেন বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়নের কাবাসকান্দা গ্রামের ইফতেখার উদ্দিন আহমেদের ছেলে সুহায়িব আহমেদ সাহেদ, একই গ্রামের মোবারক হোসেনের ছেলে অমিত হাসান রাফিদ, একই ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মোহন মোল্লার ছেলে নাহিদ হাসান, আহম্মেদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের খন্দকার শহিদুল্লার ছেলে সামি খন্দকার ও একই গ্রামের খন্দকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে খন্দকার মাশরাফি।

শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এমন কিছু করার। আমরা গত ৪ জুন একটা প্রেসের সামনে দাঁড়িয়ে পাঁচ বন্ধু কথা বলছিলাম। সেখানে একটি ডিজিটাল বিলবোর্ড দেখে মাথায় আসে এরকম একটা আমরা বানাতে পারি কিনা। তখন নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নেই ফেস্টুন বানানোর।

শিক্ষার্থী অমিত হাসান রাফিদ বলেন, যেহেতু আমরা রাজনীতি করি না। সেহেতু কি উদ্দেশ্যে ফেস্টুন বানানো যায় সেই চিন্তা করি। তখন আমাদের মাথায় আসে আমরা পরীক্ষার্থী। সবার কাছে দোয়া চেয়ে আমরা একটা ফেস্টুন বানাতে পারি। সেই চিন্তা থেকে মূলত আমরা ডিজিটাল ফেস্টুন বানাই।

 

সুহায়িব আহমেদ সাহেদ বলেন, ৪ জুন আলোচনার পর স্থানীয় সবুজ ডিজিটাল প্রেসে তিনটা ফেস্টুন বানাতে দেই। খরচ হয় এক হাজার টাকা। পর দিন ৫ জুন কাশিনাথপুর মোড়ে পুলিশ বক্সের পাশে, ফুলবাগান চত্বরে ও বিজ্ঞান স্কুলের সামনে এই তিন জায়গায় তিনটা ফেস্টুন টাঙিয়ে দেই। আমরা কেউ ফেসবুকে ফেস্টুনের কোনো ছবি পোস্ট করিনি। কাশিনাথপুর মোড়ে পুলিশ বক্সের পাশে টাঙানো ফেস্টুনের ছবি কেউ একজন ফেসবুকে শেয়ার করলে ভাইরাল হওয়ার পর আমাদের নজরে আসে।

 

খন্দকার মাশরাফি বলেন, আমরা ভাইরাল হওয়ার জন্য এটা করিনি। ভাবিনি যে এমন একটা বিষয় ভাইরাল হবে। আমরা শুধু নিজেদের এসএসসি পরীক্ষার জন্য সবার কাছে দোয়া চেয়েছি। ফেসবুকে বিষয়টি ভাইরাল হওয়ায় অনেক নেতিবাচক মন্তব্য দেখে গত ৭ জুন ফেস্টুনগুলো নামিয়ে ফেলি। এ কাজে আমাদের কেউ নিষেধ করেনি। আমাদের ফেস্টুন করার বিষয়টি পরিবার বা শিক্ষকরা কেউ জানতেন না।

সামি খন্দকার বলেন, দীর্ঘদিন করোনার কারণে পূর্ববর্তী ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা পরীক্ষা দিতে পারছি। এতে আমরা আনন্দিত। আমাদের প্রস্তুতিও ভালো। কিন্তু ফলাফল অনেকটা ভাগ্যের উপরও নির্ভরশীল। তাই আমরা পরিবার ও আত্মীয়-স্বজনের পাশাপাশি এলাকাবাসীর দোয়া নেয়ার জন্য ফেস্টুন বানিয়েছিলাম। এটা যে ভাইরাল হবে সেটা ভাবিনি। তবে অনেক ইতিবাচক মন্তব্য দেখে মনে হয়েছে আমরা ভুল কিছু করিনি। আমরা তো খারাপ কোনো কাজ করিনি।

কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, আমাদের স্কুলের পাঁচজন ছাত্র অভিনব কায়দায় দোয়া চেয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি আমাদের নজরে ছিল না। ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা এ কাজটি করেনি। তারপরও আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখি। কারণ তারা তো কোনো অপরাধ করেনি। তারা দোয়া চেয়েছে মাত্র। দোয়া বিভিন্নভাবে চাইতে পারে।

স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আমিরুল ইসলাম সানু বলেন, আসলে ওরা বিষয়টি না বুঝে হয়তো করেছে। ফেসবুকে অনেকে নেতিবাচক মন্তব্য করেছে। আবার অনেকেই এটিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। আমরা স্কুল কর্তৃপক্ষ না জানার কারণে কিছুটা বিব্রতও হয়েছি। তবে তারা অন্যায় কিছু করেনি বলে মনে করি। এটিকে আমরা সৃজনশলীতার দৃষ্টান্ত হিসেবে দেখতে চাই।