কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ মে) সকাল ৬টায় কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বাবু হোসেন (৪২) কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন। অভিযুক্ত রমিজ হোসেন (১৮) নিহত বাবুর দ্বিতীয় ছেলে। তিনি দড়ির মিলে কাজ করেন।
বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুদিন ধরে পারিবারিক বিষয়ে ঝগড়া চলছিল বাবা-ছেলের। এরই মধ্যে শুক্রবার সকালে দুজনের আবারও কথাকাটাকাটি ও তুমুল ঝগড়ার একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ছেলে বাঁশ দিয়ে বাবাকে আঘাত করেন। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, নিহত বাবু দুদিন আগে বাড়িতে এসেছেন। বাড়িতে এসে ছেলের কাছে টাকা চান। কিন্তু ছেলে টাকা দিতে রাজি না হওয়ায় বাবা-ছেলের ঝগড়া হয়। এ নিয়েই সকালে ছেলে তার বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।
নিহত বাবুর স্ত্রী বলেন, ‘আমি বাসাবাড়িতে কাজ করি। ছেলে দড়ি কারখানায় কাজ করে। ছেলে টাকা না দেওয়ায় ঝগড়া হয় বাবা-ছেলের। ঝগড়ার একপর্যায়ে বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে আমার স্বামীর মৃত্যু হয়।’
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের একাধিক সূত্র আঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।










































