স্টাফ রিপোর্টার ।।
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে দু’বোনকে হাত-পা বেঁধে এ সংঘবদ্ধ ধর্ষণ মামলার দু’আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। সোমবার (১৬ মে) ভোর ৫টার দিকে বটিয়াঘাটা থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলেন বটিয়াঘাটা থানার ফুলবাড়ী গ্রামের মৃত. মোহাম্মাদ শেখের ছেলে মুজাহিদ শেখ (২৪) ও মো. আজনবী মোড়লে ছেলে মো. আজিজুল মোড়ল ওরফে মিশরিয়া (২৫)।
র্যাব-৬ জানায়, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন ফুলবাড়ী গ্রামে নাবালিকা ভিকটিম ও তার খালাতো বোনকে নিজ বসতঘরে রেখে ভিকটিমের মা ও বাবা অন্যত্র বেড়াতে যায়। এ সুযোগে ১৫ মে রাত অনুমান দেড়টার দিকে ২জন আসামী ভিকটিমের বসতঘরে কৌশলে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আসামী মুজাহিদ শেখ ও মো. আজিজুল মোড়ল ওরফে মিশরিয়া ভিকটিমকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামীদ্বয় ভিকটিমের খালাতো বোনকেও ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমদ্বয়ের ডাকচিৎকারে আসামীদ্বয় পালিয়ে যায়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।











































