Home আঞ্চলিক খুলনায় পিবিআই ইন্সপেক্টরের ধর্ষণের শিকার কলেজ ছাত্রী : মামলা দায়ের

খুলনায় পিবিআই ইন্সপেক্টরের ধর্ষণের শিকার কলেজ ছাত্রী : মামলা দায়ের

23

স্টাফ রিপোর্টার ।।

নগরীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক কর্মকর্তার বিরুদ্ধে এক কলেজ ছাত্রী (২০) ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে। একই সাথে কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত পিবিআই পরিদর্শক (ইন্সপেক্টর) মঞ্জুরুল আহসান মাসুদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। রবিবার (১৫ মে) দুপুরে নগরীর ৯ নম্বর ছোট মির্জাপুর রোডস্থ কাগজী হাউজ নামক বাড়ির নিচতলার একটি অফিসে এ ঘটনা ঘটে। এঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন যার নং-১৫।

পুলিশ জানায়, কলেজছাত্রী ওই মেয়েটির বাড়ি ডুমুরিয়া উপজেলায়। সে ২০২১ সালে সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। সে মোবাইল ফোন অথবা ফেসবুকের ছবি সংক্রান্ত কোন একটি সমস্যা নিয়ে ৫দিন আগে পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে আসে। এ সুবাদে তাকে সহযোগিতা করার কথা বলে পুলিশ কর্মকর্তা মাসুদ ছোট মির্জাপুর রোডের কাগজী হাউজের ওই অফিসের কক্ষে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনার পর ধর্ষণের শিকার মেয়েটি খুলনা সদর থানায় গিয়ে অভিযোগ করেন। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্রশন করেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে গত ৫দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। প্রাথমিকভাবে এঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই কলেজছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপি’র উপ-পুলিশ কমিশনার সোনালী সেন।