Home ফিচার সমুদ্র সৈকত ছেয়ে গেছে সাগরলতায়

সমুদ্র সৈকত ছেয়ে গেছে সাগরলতায়

14


খুলনাঞ্চল রিপোর্ট:


এমন রূপ কয়েক দশকেও দেখা যায়নি কক্সবাজার সমুদ্র সৈকতে। নিষেধাজ্ঞা আরোপের পর্যটক এমনকি স্থানীয়দের পা না পড়ায় সৈকতের অনেকাংশ দখল করেছে সাগরলতা। সবুজের এই জালে রাশি রাশি বালু আটকে সৃষ্টি হচ্ছে বালিয়াড়ি। কক্সবাজারের দরিয়ানগরের বাসিন্দা ও সংবাদকর্মী গিয়াস উদ্দিন বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি সাগরলতাকে ঘিরে বালিয়াড়ি তৈরি হয়। আর বালিয়াড়িকে কেন্দ্র করে গড়ে উঠত সাগর কিনারের জনপদ।
তিনি বলেন, বালিয়াড়িতে গড়ে ওঠা এসব পাড়াকে ডেইলপাড়া বলা হয়। কক্সবাজারে এরকম অনেকগুলো ডেইলপাড়া আছে। সাগরলতার সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে সমুদ্রতীরকে রক্ষা করে। ফলে, ভাঙন থেকে মানুষ রক্ষা পায়। ক্রমাগত দূষণ, দখলে এখন সাগরলতা দেখা মেলে না। বালিয়াড়িগুলো দখল করে হয়েছে হোটেল। কক্সবাজারভিত্তিক পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) এর প্রধান নির্বাহী বলেন, জনমানবহীন সৈকতে মনের আনন্দে বাড়ছে সাগরলতা। অনিয়ন্ত্রিত পর্যটনের চাপে এগুলো বলতে গেলে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তিনি বলেন, যেহেতু এগুলো এখন ফিরে আসছে, সরকারের উচিত হবে পর্যটক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া।

আর পরিবেশ রক্ষায় আরও মনোযোগী হওয়া যাতে কক্সবাজার সৈকত বিদেশি পর্যটক আকর্ষণ করতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বনবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. কামাল হোসেন বলেন, সাগরলতা হলো সৈকতের সুস্থতার পরিচায়ক। এগুলো বালিকে ধরে রেখে বালিয়াড়ি সৃষ্টিতে ভূমিকা রাখে, তাই এ উদ্ভিদকে সৈকতের বাস্তুতন্ত্রের অগ্রপথিক বলা হয়। তিনি বলেন, মানুষ সরে গেছে তাই এগুলো আবার ফিরে আসছে সৈকতে যা খুবই আশাব্যঞ্জক দিক। মানুষের অতি আনাগোনায় সাগরতলা হারিয়ে যায়। তাই আমাদের উচিত হবে সৈকতের সুস্থতা ধরে রাখতে এখনই পদক্ষেপ নেয়া।