খুলনাঞ্চল রিপোর্ট।।

লা রিভ
ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও আধুনিক লাইফস্টাইলের আরামদায়ক ফিউশনকে প্রাধান্য দিয়ে পহেলা বৈশাখের পোশাক এনেছে লা রিভ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক মুন্নুজান নার্গিস বলেন, ‘বৈশাখের চিরায়ত সংস্কৃতি, আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড, চলতি আবহাওয়া এবং চিরায়ত লাল-সাদাও উঠে এসেছে আমাদের বৈশাখ কালেকশনে। আমরা ঐতিহ্য ও আধুনিকতার একটি সুন্দর সমন্বয় এনেছি।’ আবহাওয়ার উষ্ণতার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে আরামদায়ক ও ব্রিদেবল ফ্যাব্রিকে।
এই সিজনের জন্য লা রিভ নিয়ে এসেছে পাঁচটি ইউনিক প্রিন্ট স্টোরি—ফ্লাওয়ার ফ্রোলিক, রুডিমেন্টারি, আলপনা, বিউটিফুল বানালিটি ও আউট অব অফিস।

কে ক্রাফট
বাংলা বর্ষবরণ উৎসব সামনে রেখে নতুন সংগ্রহ এনেছে কে ক্রাফটও। আধুনিকতার সমন্বয়ে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করেছে তারা। লোকজ, ক্ষুদ্র নৃগোষ্ঠী মোটিফ, নকশিকাঁথা, কাঁথা স্টিচ, কাশ্মীরি, জামদানি, ইক্কাত, ট্র্যাডিশনাল, আলপনা, রিকশা আর্ট, বিউটি অব রাগস ও মিক্সড মোটিফের অনুপ্রেরণায় তৈরি এসব পোশাক।
রয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার। পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে বেছে নেওয়া হয়েছে কাপড়। বিভিন্ন রঙের সঙ্গে লাল-সাদার চিরাচরিত সমন্বয় করা হয়েছে।

রঙ বাংলাদেশ
‘রঙে রঙে বৈশাখ’—এই স্লোগানে বাংলা নববর্ষের পোশাক এনেছে রঙ বাংলাদেশ।
এ যেন বাঙালির উত্সব, শিল্প, ঐতিহ্য এবং সমকালীন ফ্যাশনের এক রঙিন সম্মিলন। এবারের সংগ্রহ সাজানো হয়েছে দুটি বিশেষ থিমে—বৈশাখী মেলা এবং শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম। বৈশাখী মেলা থিমের সংগ্রহে ব্যবহূত হয়েছে বাংলার গ্রামীণ মেলার প্রাণবন্ত সব উপকরণ। শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম অনুপ্রাণিত বিশেষ পণ্যে রয়েছে তাঁর শিল্পকর্মের সূক্ষ্ম রেখা, সৃজনশীল বিন্যাস এবং ঐতিহ্যের গভীরতা।









































