চলে এসেছে গরম। গরমের জন্য অনেক সময় ঠিকভাবে সবধরনের খাবার হজম হয় না। এই কারণে নানা সমস্যা দেখা দেয়। যেমন: পেটে সমস্যা, বমি বমি ভাব, ত্বকে ব্রণ উঠা ইত্যাদি।
তাই এই সময় পেট ঠাণ্ডা রাখা জরুরি। পেট ঠাণ্ডা থাকলে শরীরের ভেতরও ঠাণ্ডা থাকবে। খাবার হজম ভালো হবে। হজম ভালো হলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।
গরমে পেট ঠাণ্ডা রাখতে যা করবেন:
শরীর ঠাণ্ডা রাখতে প্রচুর পানি পানের কোনো জুড়ি নেই। তবে পানির পাশাপাশি আরও কিছু খাবার রয়েছে যা আপনার শরীরকে ভেতর থেকে ঠাণ্ডা করে দেবে। আসুন খাবারগুলো সম্পর্কে কিছু ধারণা নিই।
১.তরমুজ:
গরমে আমাদের ক্লান্তি কাটাতে তরমুজের বিকল্প নেই। তরমুজে ভিটামিন এ, বি২, বি৬, ই এবং ভিটামিন সি, ছাড়াও পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, বিটা ক্যারোটিন, অ্যান্টি অক্সিডেন্ট লাইকোপেন (যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে) ইত্যাদি থাকলেও ক্যালোরির মাত্রা কম। যা আমাদের শরীরে পানির অভাব পূরণ করার পাশাপাশি শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
২. কলা:
কলা সারা বছর পাওয়া যায়। তবে এটি গ্রীষ্মকালীন ফল হিসেবে বেশ উপযোগী ফল। কাচা-পাকা দুটোই খাওয়া যায়। অতিরিক্ত ঘামে শরীর থেকে যে তরল পদার্থ বের হয়ে যায়, তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পটাশিয়াম। যেটি কলার মধ্যে রয়েছে, তাই গরমের সময় কলা খান নিয়মিত।
৩. শসা:
তরমুজের মতোই শসায় প্রচুর পরিমাণ পানি থাকার কারণে এটি গ্রীষ্মের জনপ্রিয় সবজি হিসেবে খাদ্যতালিকায় শুরুর দিকে থাকে। শসা ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও অন্য বেশ কয়েকটি খনিজ পদার্থের ভালো উৎস হিসেবে বিবেচিত হয়। শসা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
৪.পুদিনা পাতা:
পুদিনা পাতা তাপ নিয়ন্ত্রণ করে শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এর রস পিষে দুই তিন ফোঁটা লেবুর রস দিয়ে পান করলে ক্লান্তিভাব দূর হয়। নিয়মিত পুদিনা পাতা খাওয়ার অভ্যাস করতে পারলে বুকে কফ জমতে পারে না। এছাড়া শরীরের ব্যথা কমাতেও পুদিনা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
৫. দই:
গরমের খাবার হিসেবে দই বেশ উপযোগী। বিশেষ করে টক দই। এরমধ্যে অনেক প্রোবায়োটিক রয়েছে এবং ৮৫ শতাংশ পানি, যা শরীরকে সহজে গরম হতে দেয় না। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও দই-এর জুড়ি নেই। পেটের সমস্যা সমাধানেও দই অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। তাই গরমে সুস্থ থাকতে প্রচুর পানি পান করার পাশাপাশি দই খাওয়াও আবশ্যক।
৬. ডাবের পানি:
প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ মিনারেলস্, পটাশিয়াম সবকিছু মিলিয়ে উৎকৃষ্ট একটি পানীয় যা শরীরকে ঠান্ডা ও চাঙ্গা রাখে। ডাবের পানিতে ল্যারিক অ্যাসিড রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া ওজন কমাতেও সহায়তা করে।
৭. বাঙ্গি:
অতোটা আকর্ষনীয় না হলেও পুষ্টিগুণের কারণে গ্রীষ্ম মৌসুমে খুব উপকারী ফল বাঙ্গি। এতে কার্বোহাইড্রেট, ভিটামিন- বি৬, সি, কে, ফোলেট, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম রয়েছে। এর শীতলকারক ও মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে বলে এটি দেহের পানিশূন্যতা দূর করার পাশাপাশি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।
এছাড়া এসময় খাদ্য তালিকায় ঝিঙা, পটল, কুমড়া, লাউ সবুজ শাকসবজির মতো সবজি রাখুন। চিজ, তেল-মশলা, ভাজাভুজি, বেশি মরিচ, কমলালেবু ইত্যাদি যতটা কম খাবেন, ততই ভালো। সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে ত্যাগ করুন। ধূমপানে শরীর আরও গরম হয়ে যায়।
-মিলি রহমান











































