সিটি স্ক্যান করার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির একটি সূত্র জানিয়েছে, রাত ৮টায় তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বাড়তি সতর্কতার জন্য করোনা আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেয় তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল টিম। বিকেলে গুলশানে বেগম জিয়ার বাসা ফিরোজায় তাঁর স্বাস্থ্য পরীক্ষা শেষে বেরিয়ে টিমের প্রধান ডা. এফএম সিদ্দিকী জানান, বেগম জিয়ার সবকিছুই ভালো আছে তবে গতকাল তাঁর জ্বর উঠেছিলো। ১০০-এর মতো ছিলো। আজ সকালেও কিছুক্ষণ জ্বর ছিলো।
তিনি বলেন, করোনার জটিলতাগুলো সাধারণত দ্বিতীয় সপ্তাহে হয়। সেজন্য আমরা আরেকটু সতর্ক হতে চাই। প্রয়োজনীয় পরীক্ষাগুলো করা হয়েছে। শুধু ওনার সিটি স্ক্যান করানো হচ্ছিলো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো সময় ম্যাডামের সিটি স্ক্যান করিয়ে ফেলবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি স্ক্যান করাতে হলে তাঁকে হাসপাতালে নিতে হবে।
ডা. এফএম সিদ্দিকী বলেন, ম্যাডামের গত দু’দিনের শারীরিক অবস্থার আমরা রিপোর্ট করিয়েছি। শনিবারে যে রিপোর্ট করিয়েছি, তার সংগে দু’দিন আগের রিপোর্ট ম্যাচ করিয়েছি। তাতে আমরা দেখেছি, তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। পালস, ব্লাড প্রেসার, সেচুরেশন সব ঠিক আছে। গত তিনদিন আমরা নতুন একটা বিষয় সংযোজন করেছি, ম্যাডাম যখন সেচুরেশন দেখতেন তখন বসা অবস্থায়। আমরা গত তিনদিন বসা অবস্থায় এবং এক্সারসাইজ করিয়ে সেচুরেশন দেখছি। সবকিছু মিলেয়ে যা দেখছি, তাতে তিনি ভালো আছেন। ব্লাডের যে রিপোর্টগুলো দেখছি, তাও ভালো আছে। তবে তাঁর যে বিষয়টা একটু খারাপ তা হচ্ছে, গতকাল তার জ্বর উঠেছিলো। ১০০-এর মতো ছিলো। আজ সকালেও কিছুক্ষণ জ্বর ছিলো।
তিনি আরো বলেন, আজকে হলো সপ্তম দিন। ম্যাডাম দ্বিতীয় সপ্তাহে প্রবেশে করেছেন। কোভিডের সমস্যা এখনই হয়। সেজন্য আরেকটু সতর্ক হতে চাই। সবগুলো রিপোর্ট তাঁর হয়েছে। শুধু ওনার সিটি স্ক্যান করানো হচ্ছিলো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি-যে কোনো সময় ম্যাডামের সিটি স্ক্যান করিয়ে ফেলবো।
তিনি আরও জানান, খালেদা জিয়ার মানসিক অবস্থা ভালো আছে। উনি নিজেই বলেছেন যে, উনার করোনা আক্রান্ত হয়েছে সেটা ফিল করছেন না। তার আগে থেকে ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের সমস্যা আছে। সে অনুযায়ী তাকে ইনসুলিন দিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করছি।











































