করোনা আক্রান্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, চলতি সপ্তাহে জ্বর আসে কবরীর, শরীরে ব্যথাও ছিলো। নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান নারায়ণগঞ্জের মেয়ে কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিংবদন্তি এই অভিনেত্রী আওয়ামী লীগের রাজনীতির সংগেও যুক্ত আছেন।
– বিনোদন ডেস্ক











































